শিরোপার লড়াইয়ে দারুণভাবে নিজেদের অবস্থান ধরে রাখল আল হিলাল। কিংডম অ্যারেনায় আল খোলুদের বিপক্ষে ৬-০ ব্যবধানে বড় জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আল নাসরের সঙ্গে ব্যবধান কমিয়ে আনল তারা। আর এই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন করিম বেনজেমা।
ফরাসি এই তারকা ফরোয়ার্ড হ্যাটট্রিক করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। চলতি মৌসুমে এটি তার তৃতীয় হ্যাটট্রিক, যার মধ্যে ২টি এসেছে আল হিলালের জার্সিতে যোগ দেওয়ার পর থেকেই।
মৌসুমে আর মাত্র ৬টি ম্যাচ বাকি থাকতেই শিরোপার দৌড় আরও জমে উঠেছে। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল ব্যবধান কমিয়ে ২ পয়েন্টে নিয়ে এসেছে। যদিও তারা একটি ম্যাচ বেশি খেলেছে।
ম্যাচ শেষে আত্মবিশ্বাসী কণ্ঠে বেনজেমা বলেন, এখন প্রতিটি ম্যাচই তাদের জন্য ফাইনালের মতো। তার ভাষায়, “আগে ছিল ৭টি ফাইনাল, এখন আছে ৬টি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। অন্য দলের দিকে না তাকিয়ে আমাদের নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে।”
ফেব্রুয়ারিতে দলে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন বেনজেমা। মাত্র ৬টি ম্যাচে করেছেন ৮ গোল ও ২টি অ্যাসিস্ট। পুরো মৌসুমে এখন পর্যন্ত তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ২০ ম্যাচে ১৬।
তিনি আরও বলেন, “আমি ভালো অনুভব করছি। গোল করে দলকে সাহায্য করতে পারলে সেটাই আমার আনন্দ। তবে আজ পুরো দলের পারফরম্যান্সই ছিল অসাধারণ।”
অন্যদিকে, শিরোপা দৌড়ে থাকা আরেক দল আল আহলি সুযোগ কাজে লাগাতে পারেনি। আল ফাইহার বিপক্ষে ১-১ ড্র করে মূল্যবান পয়েন্ট হারিয়েছে তারা।
সেই ম্যাচে ইভান টনি মৌসুমের ২৭তম গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জেসনের গোলে সমতা ফেরায় আল ফাইহা।
সব মিলিয়ে, শিরোপার লড়াই এখন আরও উত্তেজনাপূর্ণ। আর আল হিলালের হয়ে বেনজেমার এই দুর্দান্ত পারফরম্যান্স যেন নতুন করে প্রাণ জুগিয়েছে তাদের শিরোপা স্বপ্নে।