খেলাধুলা

জিতে পঞ্চম স্থান নিশ্চিত করল বাংলাদেশ

এশিয়ান গেমস হকি বাছাইয়ে জয় দিয়েই অভিযান শেষ করল বাংলাদেশ। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স মাঠে চাইনিজ তাইপেকে ৩-২ ব্যবধানে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে দলটি। এর আগেই সেরা ৬-এ থেকে মূল আসরে খেলার যোগ্যতা নিশ্চিত হয়েছিল।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। গোলের সুযোগ তৈরি করে চাপ ধরে রাখে তারা। দলের হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম, যা ম্যাচের ব্যবধান গড়ে দেয়। আরেকটি গোল আসে মেহরাবের কাছ থেকে। প্রতিপক্ষও পাল্টা লড়াই করেছে, তবে শেষ পর্যন্ত এগিয়ে থেকেই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই টুর্নামেন্টে বাংলাদেশ শুরুটা করেছিল একই প্রতিপক্ষ চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরে ছন্দ হারায় দলটি। এরপর উজবেকিস্তানের সঙ্গে ১-১ ড্র করে সরাসরি শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হয়।

গ্রুপে তৃতীয় হওয়ায় স্থান নির্ধারণী পর্বে খেলতে হয় বাংলাদেশকে। সেখানে হংকংয়ের বিপক্ষে নির্ধারিত সময় ৪-৪ সমতায় শেষ হলে শুটআউটে ৩-২ ব্যবধানে জয় পেয়ে এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিত করে দলটি।

শেষ ম্যাচে জয় পাওয়ায় পঞ্চম স্থান নিয়ে বাছাই শেষ করেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে ওঠানামা থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে জয় পাওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে দলের।

এশিয়ান গেমসের হকি ইভেন্টে এটি হবে বাংলাদেশের ১১তম অংশগ্রহণ। এর আগে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই ছিল সর্বোচ্চ সাফল্য। আগামী সেপ্টেম্বরে জাপানের আচি ও নাগোয়াতে অনুষ্ঠিত হবে পরবর্তী আসর, যেখানে উন্নত ফলের লক্ষ্য নিয়েই নামবে বাংলাদেশ।