স্প্যানিশ লিগের শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের আশা কার্যত ভেঙে পড়ার পথে। ঘরের মাঠে শুক্রবার রাতে জিরোনার সঙ্গে ১-১ গোলের ড্র করে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খোয়াল তারা। ফলে শিরোপার লড়াই এখন প্রায় হাতছাড়া।
এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনা যদি পরের ম্যাচে জয় পায়। তবে রিয়াল পিছিয়ে পড়বে ৯ পয়েন্টে। যেখানে বাকি থাকবে মাত্র ৭টি ম্যাচ। এমন পরিস্থিতিতে শিরোপা পুনরুদ্ধার করা এখন কঠিন চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছে।
গত কয়েকদিনে রিয়ালের পারফরম্যান্সও হতাশাজনক। মায়োর্কার কাছে হারের পর ঘরের মাঠে ইউরোপীয় প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে বায়ার্ন মিউনিখের কাছেও পরাজিত হয়েছে তারা। মৌসুমে এটি দ্বিতীয়বার, যখন টানা ৩ ম্যাচে জয়হীন থাকল দলটি।
ম্যাচের শুরুটা ভালো করলেও এগিয়ে যেতে পারেনি রিয়াল। প্রথম ১৫ মিনিটে দাপট দেখালেও গোলের দেখা পায়নি। বরং প্রতিপক্ষের কয়েকটি আক্রমণে চাপে পড়তে হয়। গোলরক্ষক লুনিন গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন।
বিরতির পর অবশেষে ৫১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। দূরপাল্লার জোরালো শটে ভালভার্দের বলটি ধরতে গিয়ে ভুল করেন জিরোনা গোলরক্ষক গাজ্জানিগা। আর সেটিই গড়িয়ে জালে ঢুকে যায়।
তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। মাত্র ১১ মিনিট পর দারুণ এক শটে সমতা ফেরান লেমার। বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ে নেওয়া তার নিচু শটে লুনিনের কিছুই করার ছিল না।
এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আর গোলের দেখা পায়নি। এমবাপ্পের একটি পেনাল্টির দাবি নাকচ হয়ে গেলে হতাশাই বাড়ে তাদের। শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে। যে ফল তাদের শিরোপা স্বপ্নকে প্রায় অনিশ্চয়তার দোলাচলে ঠেলে দিয়েছে।