দারুণ ছন্দে থাকা বার্সেলোনা শহরের ডার্বিতে বড় জয় তুলে নিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল। শনিবার রাতে এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে লা লিগার শীর্ষে ৯ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে কাতালানরা।
এই জয়ের নায়ক দুইজন- ফেরান তোরেস এবং লামিনে ইয়ামাল। প্রথমার্ধে জোড়া গোল করেন তোরেস। আর দুটো গোলেই অ্যাসিস্ট করেন তরুণ প্রতিভা ইয়ামাল, যিনি নিজের ১০০তম লা লিগা ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। ৯ মিনিটেই এগিয়ে যায় তারা। ইয়ামালের কর্নার থেকে শক্তিশালী হেডে গোল করেন তোরেস। এরপর ২৫ মিনিটে আবারও ইয়ামালের দুর্দান্ত পাস থেকে বল জালে জড়ান তোরেস (২-০)।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে এস্পানিওল। ৫৬ মিনিটে পোল লোজানো দারুণ এক শটে একটি গোল শোধ করেন। এতে ম্যাচে কিছুটা উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
বরং ম্যাচের শেষদিকে আবারও ঝলক দেখান ইয়ামাল। ৮৭ মিনিটে নিজেই গোল করে ব্যবধান বাড়ান তিনি। এরপর ২ মিনিট পর মার্কাস র্যাশফোর্ড গোল করে জয় নিশ্চিত করেন।
চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারার মাত্র ৩ দিনের মাথায় এই জয় বার্সেলোনার জন্য বড় আত্মবিশ্বাসের জোগান। বিশেষ করে রিয়াল মাদ্রিদের ড্রয়ের সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে তারা।
এই জয়ে শিরোপা দৌড়ে বার্সেলোনা এখন আরও শক্ত অবস্থানে। আর সেই পথচলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তরুণ ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্স।