খেলাধুলা

ক্লাব কিনলেন মেসি

ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি এবার ক্লাব মালিকানার দুনিয়ায় আরও বড় পদক্ষেপ নিলেন লিওনেল মেসি। স্পেনের পঞ্চম স্তরের ক্লাব করনেল্লা কিনে নিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এমনটাই জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

কাতালোনিয়া ভিত্তিক এই ক্লাবটি তরুণ ফুটবলার গড়ে তোলার জন্য সুপরিচিত। এখান থেকেই উঠে এসেছেন জর্দি আলবা, জেরার্দ মার্তিন এবং আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়ার মতো তারকারা।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, মেসির আগমন তাদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। এই উদ্যোগের লক্ষ্য ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়নকে ত্বরান্বিত করা, ক্লাবের ভিত্তিকে আরও শক্তিশালী করা এবং তরুণ প্রতিভা বিকাশে বিনিয়োগ বাড়ানো। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই প্রকল্প এগিয়ে যাবে, যেখানে উচ্চাকাঙ্ক্ষা, স্থায়িত্ব এবং স্থানীয় শিকড়ের সঙ্গে সংযোগকে গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, আলবা করনেল্লার একাডেমিতে ২ বছর কাটানোর পর ২০১২ সালে বার্সেলোনায় যোগ দেন। একইভাবে ইলি সানচেসও এই একাডেমি থেকেই উঠে এসে বার্সেলোনার ‘বি’ দলে খেলার সুযোগ পান। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবে খেলেছেন। যার মধ্যে তার বর্তমান দলও রয়েছে।

ইউরোপের কোনো ক্লাবের মালিকানায় এটিই মেসির প্রথম পদক্ষেপ হলেও ক্লাব বিনিয়োগে তিনি নতুন নন। ইতোমধ্যে উরুগুয়ের পেশাদার দল দেপোর্তিভো এলএসএম-এর অংশীদার তিনি। যেখানে তার সঙ্গী লুইস সুয়ারেজ। যিনি তার সাবেক সতীর্থও।

তরুণ ফুটবলের উন্নয়নে মেসির আগ্রহ আগেই দেখা গেছে। ২০২৫ সালের ডিসেম্বরে তিনি নিজ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় ১৬ বছরের নিচের ৮টি দলকে অংশ নেওয়ার সুযোগ করে দেন। করনেল্লায় বিনিয়োগ সেই প্রচেষ্টারই ধারাবাহিকতা। যা ভবিষ্যতের ফুটবল প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।