খেলাধুলা

দেড়শ পেরিয়ে নিউ জিল্যান্ড

:: সংক্ষিপ্ত স্কোর :: নিউ জিল্যান্ড: ১৬৪/৪ (৩৫ ওভারে)

দেড়শ রান পেরিয়ে নিউ জিল্যান্ড: ১৩১ রানের মাথায় চতুর্থ উইকেট হারানো নিউ জিল্যান্ড দেড়শ রান পেরিয়েছে। ৩৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪। ডিন ফক্সক্রফট ২০ ও মুহাম্মদ আব্বাস ১৪ রানে ব্যাট করছেন।

রিশাদের দ্বিতীয় শিকার নিকোলস দারুণ খেলতে থাকা নিকোলসকে ফেরালেন রিশাদ। দলীয় ১৩১ রানের মাথায় রিশাদের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন নিকোলস। ৮৩ বল খেলে ৯টি চারে ৬৮ রান করেন তিনি।

মিরাজের শিকার ল্যাথাম ১২৭ রানের মাথায় তৃতীয় উইকেট হারাল নিউ জিল্যান্ড। এবার মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হলেন অধিনায়ক টম ল্যাথাম। ১৫ বলে ২ চারে ১৪ রান করে যান তিনি।

রিশাদ ফেরালেন ইয়াংকে বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে ওঠে জুটি ভাঙলেন রিশাদ। দলীয় ৯৪ রানের মাথায় উইল ইয়াংকে স্লিপে তালুবন্দি করিয়ে ফেরান। তার বলে রিভার্স সুইপ শট খেলতে গিয়ে আউট হন ইয়াং। ৪২ বলে ২ চারে ৩০ রান আসে তার ব্যাট থেকে।

নিকোলস-ইয়াং জুটির ফিফটি ২১ রানের মাথায় কিন কেলি ফিরে যাবার পর নিকোলস ও উইল ইয়াং জুটি বেঁধেছেন। তাদের দুজনের জুটিতে ভর করে ২১ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৪ রান তুলেছে। এই জুটি ইতোমধ্যে দলীয় সংগ্রহে ৭৩ রান যুক্ত করেছে। নিকোলস ৪৮ ও ইয়াং ৩০ রানে ব্যাট করছেন।

সপ্তম ওভারে এসে উইকেটের দেখা পেল বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে অ্যাক্রোস দ্য লাইন খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান নিক কেলি। ২৩ বল খেলে ১ চারে ৭ রান করেন তিনি। নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন উইল ইয়াং। তার সঙ্গে আছেন হেনরি নিকোলস।

নিউ জিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক টম ল্যাথাম। টস হেরে বাংলাদেশকে শুরুতে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে।

টস জিতে ব্যাটিং নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ল্যাথাম বলেন, ‘‘উইকেটটি বেশ ভালো মনে হচ্ছে, যদিও কিছুটা শুষ্ক। দিনের ম্যাচ হওয়ায় পরিস্থিতিও ভিন্ন হতে পারে এবং ম্যাচের শেষভাগে পিচ ধীর হয়ে আসার সম্ভাবনা আছে।’’

তিনি আরও বলেন, দলে থাকা ক্রিকেটারদের জন্য এটি নিজেদের প্রমাণের বড় সুযোগ, “আমাদের স্কোয়াডের প্রায় সবাই কোনো না কোনো সময় নিউ জিল্যান্ডের হয়ে খেলেছে। যত বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে, ততই দলের গভীরতা বাড়বে।”

দলের কম্বিনেশন নিয়ে তিনি জানান, তিনজন মূল পেসার, একজন বাঁহাতি বোলার এবং কয়েকজন অলরাউন্ডার নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস হারলেও ফিল্ডিং করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, “নতুন উইকেটে আগে বল করতে পারাটা ভালো সুযোগ।” পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে বোলারদের পারফরম্যান্সের প্রশংসা করে মিরাজ জানান, বিশেষ করে পেস বোলিং ইউনিট এখন বেশ শক্তিশালী। পিচ সম্পর্কে তিনি বলেন, “মিরপুরের উইকেট কখনো ব্যাটিং, কখনো বোলিং সহায়ক হয়। আগে থেকে বলা কঠিন। তবে আজকের উইকেট ভালো মনে হচ্ছে। আমরা ভালো বোলিং করতে পারলে ম্যাচে এগিয়ে থাকব।”

পিচ বিশ্লেষণে এইচডি অ্যাকারম্যান জানান, মিরপুরের উইকেটটি আগের চেয়ে কিছুটা ভিন্ন। সাধারণত শুকনো ও ঘাসঢাকা পিচ দেখা গেলেও এবার অনেক পরিশ্রমের ছাপ রয়েছে। উইকেটে ভালো পেস ও বাউন্স থাকবে, যা পেসারদের সহায়তা করতে পারে, তবে খুব বেশি টার্নের সম্ভাবনা নেই। ফলে ব্যাটারদের জন্যও সুবিধাজনক হতে পারে। কারণ বল সহজে ব্যাটে আসবে।

মাঠের এক পাশের বাউন্ডারি তুলনামূলক ছোট- প্রায় ৫৮ মিটার, অন্য পাশ ৬৯ মিটার। এই ১১ মিটারের পার্থক্য কাজে লাগিয়ে ব্যাটাররা বিশেষ করে পাওয়ারপ্লে ও ইনিংসের শেষদিকে ছোট বাউন্ডারির দিকে শট খেলতে পারেন। অ্যাকারম্যান মনে করেন, নিউ জিল্যান্ড আগে ব্যাটিং নিলেও বাংলাদেশ রান তাড়া করতে স্বচ্ছন্দ বোধ করবে। কারণ উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।

নিউ জিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, উইল ইয়াং, নিক কেলি, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রুরকে, জেডেন লেনক্স।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।