বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব যে কতটা বিস্তৃত, তা নতুন করে বলার কিছু নেই। মাঠের খেলায় যেমন আধিপত্য, তেমনি অর্থনৈতিক শক্তিতেও এগিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। সাম্প্রতিক এক আলোচনায় সেই আর্থিক শক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদী।
একটি আলোচনায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের প্রশ্নের জবাবে ললিত মোদী বলেন, ভারতীয় বোর্ডের কাছে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে- যার পরিমাণ বিলিয়ন ডলারের ঘরে। তার ভাষায়, এই তহবিল এত বড় যে তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘ঈশ্বরের চেয়েও বেশি টাকা’ রয়েছে সংস্থাটির কাছে।
কয়েক বছর আগে একটি প্রতিবেদনে জানা গিয়েছিল, বোর্ডটির কোষাগারে ২০ হাজার কোটি রুপিরও বেশি অর্থ ছিল। বর্তমান সময়ে সেই অঙ্ক আরও বেড়েছে বলেই ধারণা করা হচ্ছে। আইপিএলসহ বিভিন্ন প্রতিযোগিতা, সম্প্রচার স্বত্ব এবং বিপুল দর্শক চাহিদা থেকে আসা আয়ের কারণে এই আর্থিক শক্তি তৈরি হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটেও এর প্রভাব স্পষ্ট। বৈশ্বিক সংস্থাগুলো অনেক ক্ষেত্রেই ভারতের বাজার ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সিদ্ধান্ত নেয়। ফলে মাঠের বাইরেও ভারতীয় বোর্ড একটি শক্তিশালী নিয়ন্ত্রক ভূমিকা পালন করে।
ললিত মোদীর এই মন্তব্য আবারও সামনে এনেছে একটি বাস্তবতা- বর্তমান ক্রিকেটে অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ভারত। আর সেই শক্তিই বিশ্ব ক্রিকেটের নানা সিদ্ধান্তে প্রভাব ফেলছে নিয়মিত।