খেলাধুলা

সান্তোসেই থাকতে চান, লক্ষ্য বিশ্বকাপ

মার্কিন লিগে যাওয়ার জোর গুঞ্জনের মধ্যেও নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা জানিয়েছেন, আপাতত তিনি ক্লাব ছাড়ার কথা ভাবছেন না। বরং বছরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে থাকা বর্তমান চুক্তিই পূরণ করতে চান।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাব, বিশেষ করে সিনসিনাটি, তাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে বলে খবর ছড়ায়। তবে এ বিষয়ে নেইমারের বক্তব্য পরিষ্কার- এই মুহূর্তে ক্লাব বদলের চিন্তা তার মাথায় নেই। ট্রান্সফার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি নিজেও জানেন না ভবিষ্যতে কী হবে। তবে আপাতত সান্তোসের সঙ্গেই থাকতে চান।

সৌদি আরবের ক্লাব আল-হিলাল ছেড়ে সান্তোসে ফেরার পর বছরের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন নেইমার। যদিও পর্দার আড়ালে সম্ভাব্য স্থানান্তর নিয়ে আলোচনা চলেছে। তবু ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের বর্তমান অবস্থান বলছে। অন্তত এখনই কোনো পরিবর্তন আসছে না।

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল। তিনি আবারও লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে একই দলে খেলতে পারেন। যাদের সঙ্গে বার্সেলোনায় ‘এমএসএন’ ত্রয়ী গড়েছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে সেই আলোচনা অনেকটাই স্তিমিত হয়েছে। কারণ এখন তার মূল লক্ষ্য ব্রাজিলের হয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা।

চোট-আঘাত অবশ্য এই মৌসুমে আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে নেইমারের সামনে। হাঁটুর সমস্যার কারণে এ বছর এখন পর্যন্ত মাত্র ৮টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। তবুও সেই অল্প সময়েই করেছেন ৪ গোল ও ৩টি অ্যাসিস্ট। যা তার প্রভাব স্পষ্ট করে। ব্রাজিল দলে ফেরার দাবিতে এই পারফরম্যান্সকেই বড় যুক্তি হিসেবে তুলে ধরছেন তিনি। বিশেষ করে কোচ কার্লো আনচেলোত্তির অধীনে।

ইনজুরি কাটিয়ে ফিরেই মঙ্গলবার ডেপোর্তিভো রেকোলেতার বিপক্ষে ১-১ ড্র ম্যাচে গোল করেন নেইমার। তবে ফলাফলে সন্তুষ্ট হতে পারেননি সমর্থকেরা। ম্যাচ শেষে দর্শকদের দুয়ো শোনার সময় সামান্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও জড়িয়ে পড়েন তিনি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শান্ত থাকার আহ্বান জানিয়ে নেইমার লেখেন, হার-জিত বা ড্র; সবই ফুটবলের অংশ। উন্নতির জন্য কাজ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই বলেও উল্লেখ করেন তিনি।