বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াডে একেবারে নতুন মুখ পেস অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে সুযোগ হয়েছে প্রতিশ্রুতিশীল এই ক্রিকেটারের।
এদিকে বিশ্রামে পাঠানো হয়েছে মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। পেস আক্রমণকে নতুন করে সাজানোর উদ্দেশ্যে পরীক্ষিত ও নিয়মিত পেসারদের বিশ্রামে পাঠিয়ে নতুনদের সুযোগ দিয়েছেন নির্বাচকরা।
শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত টিকে গেছেন পারভেজ হোসেন ইমন। পিএসএল থেকে কাঁধের চোট নিয়ে ফিরেছিলেন তিনি। এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। প্রাণবন্ত অনুশীলনে নিজেকে প্রস্তুত করেছেন বাঁহাতি ব্যাটসম্যান।
টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২৭ এপ্রিল চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু দুপুর ২টায়।
নতুন রূপে সাজানো পেস আক্রমণে বিসিবির নির্বাচক প্যানেলের ভরসা আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে। শেষ বিপিএলের নিলামে তাকে ৪৪ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল রাজশাজী ওয়ারিয়র্স। ৯ ম্যাচে ৬.০২ ইকোনমিতে ৯ উইকেট পেয়েছিলেন তিনি। অবশ্য নিলামের আগে থেকেই আলোচনায় এই ক্রিকেটার। সবাই মূলত তাকে টেপ-টেনিস স্পেশালিস্ট ক্রিকেটার হিসেবেই চেনেন। দেশের প্রচলিত কাঠামোর বয়সভিত্তিক স্তর পেরিয়ে না এলেও ২৭ বছর বয়সী এই খেলোয়াড় গত বছর কাতারে অনুষ্ঠিত রাইজিং স্টার্স এশিয়া কাপে শক্ত পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়েন। লোয়ার অর্ডারে তার ধারালো ব্যাটিং এবং বোলিংয়ে বৈচিত্র্য থাকায় সাকলাইনকে অন্য সবার থেকে আলাদা করা যাচ্ছিল। শেষ কয়েক মাসে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। এবার তার দুয়ার খুলে গেল।
তার সঙ্গে আছেন রিপন মন্ডল। ডেথ ওভারে রিপনের পারদর্শিতা এখন সবার মুখে মুখে। ২৩ বছর বয়সী রিপন ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। খেলেছিলেন ৩ ম্যাচে। এবার আরও মঞ্চে খেলার সুযোগ হলো রিপনের।
বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর বিশ্বকাপে অংশ নেওয়ার কথা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে পাঠায়নি বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার। লম্বা সময় পর বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে এই ফরম্যাটের ক্রিকেটে।
বাংলাদেশ স্কোয়াড লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।