মে মাসে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট ঢাকায় শুরু ৮ মে থেকে। দ্বিতীয় টেস্ট সিলেটে শুরু ১৬ মে। এজন্য ৩ মে অতিথিরা বাংলাদেশে আসবেন।
প্রথম টেস্টের জন্য রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্কোয়াড ঘোষণা করেছে। প্রথমবার বাংলাদেশের টেস্ট দলে সুযোগ হয়েছে অমিত হাসানের। প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের নাম বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার বেশ ঈর্ষণীয়। তাকে প্রথমবার দেখতে জাতীয় দলে যুক্ত করা হলো।
এছাড়া সীমিত পরিসরের ক্রিকেটে জায়গা পাকাপাকি করা তানজিদ হাসান তামিম প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটেও তার রেকর্ড ভালো। এছাড়া স্কোয়াডে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ২০২৪ সালের পর তারা টেস্ট দলে ফিরলেন। স্পিনার নাঈম হাসানকেও ফেরানো হয়েছে। প্রায় এক বছর পর ফিরলেন তিনি।
দল থেকে বাদ পড়েছেন হাসান মুরাদ, জাকের আলী ও সৈয়দ খালেদ আহমেদ। চোটের কারণে দলে নেই হাসান মাহমুদ।
বাংলাদেশ স্কোয়াড নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।
অমিত হাসান গত সপ্তাহে বিসিএলে সেঞ্চুরি করেছেন। জাকের আলীর কনকাসন সাব হয়ে নেমে ১৬২ রান করেছেন। ২৩ বছর বয়সী অমিতের প্রথম শ্রেণির ক্রিকেট গড় ৪৯.৩২। ৪৯ ম্যাচে তার রান ৩৬৫০। নামের পাশে আছে ১১ সেঞ্চুরি, ১৭ ফিফটি।
২০১৯ সালে সিলেটের হয়ে জাতীয় লিগের ম্যাচ দিয়ে স্বীকৃত ক্রিকেটে অভিষেক হয় তার। ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে তিনি করেন ১২৫ রান। ২০২১-২২ মৌসুমে নিয়মিত খেলার সুযোগ পেয়ে দুর্দান্ত ধারাবাহিকতায় তাক লাগিয়ে দেন। সেবার ১০ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৯১২ রান করেন ৬০.৮০ গড়ে। এরপর নানা ধাপ পেরিয়ে অমিত এখন জাতীয় দলের ড্রেসিংরুমে।
অমিতকে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘‘অমিত দলে ডাক পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। কারণ সে আমাদের ফার্স্ট-ক্লাস ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন। তার মানসিক দৃঢ়তা আলাদা করে চোখে পড়ে এবং আমরা বিশ্বাস করি এটি টেস্ট ক্রিকেটের জন্য খুবই উপযুক্ত। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলা দরকার, আর সে দীর্ঘ সময় ধরে এই গুণগুলো দেখিয়েছে।”
এদিকে ওপেনার তানজিদ হাসান ২৫ প্রথম শ্রেণির ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করেছেন। জাতীয় দলে হয়ে ৩৪ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি খেলার পর তানজিদকে ডাকা হলো টেস্ট স্কোয়াডে। তাকে নিয়েও আশাবাদী হাবিবুল বাশার, ‘‘তানজিদ আমাদের টেস্ট ক্রিকেটের পরিকল্পনায় ছিল। তার ফার্স্ট-ক্লাস রেকর্ড খুবই ভালো এবং আমরা মনে করেছি টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ সে প্রাপ্য। তার টেকনিক শক্ত এবং স্বাভাবিক প্রতিভাও অনেক। আমরা আত্মবিশ্বাসী যে সুযোগ পেলে সে লম্বা ফরম্যাটে ভালো পারফর্ম করতে পারবে। এই দুই খেলোয়াড়ের সামনেই অনেক সময় রয়েছে এবং তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে সেবা দিতে পারবে।”
বাংলাদেশ ও পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২৪ সালে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দুটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। অথচ আগের ১৩ ম্যাচে বাংলাদেশ জয় তো পায়নি, ড্র করতে পেরেছিল মাত্র একটি।
পাকিস্তানের বিপক্ষে দুইটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলেছে। গত বছর শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের একটিতে ড্র করে। পরেরটিতে ইনিংস ব্যবধানে হেরে যায়। ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে।