খেলাধুলা

লারার পথেই সূর্যবংশী

ক্রিকেটে প্রতিভা যত বড়ই হোক, তাকে সঠিক পথে গড়ে তোলার গল্পটাই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বৈভব সূর্যবংশীকে ঘিরে এখন ঠিক সেই গল্পই লিখতে চাইছেন সাবেক তারকারা। যেখানে তাড়াহুড়ো করে আন্তর্জাতিক মঞ্চে ঠেলে না দিয়ে ধীরে, পরিকল্পিতভাবে তাকে তৈরি করার কথা বলা হচ্ছে।

নিজের ব্যাটিং স্টাইল ব্রায়ান লারা-কে অনুসরণ করে গড়ে তুলেছেন সূর্যবংশী। আর আইপিএলে ৩৬ বলে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর পর লারারই দেশের আরেক তারকা কার্লোস ব্র্যাথওয়েট মনে করছেন- এই তরুণকে লারার মতো করেই তৈরি করা উচিত।

লারাকে খুব অল্প বয়সেই বিশেষ প্রতিভা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু তাকে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে নামিয়ে দেওয়া হয়নি। বরং ভিভ রিচার্ডসদের মতো সিনিয়রদের পাশে রেখে ধীরে ধীরে প্রস্তুত করা হয়েছিল। ২১ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেকের আগে তিনি অভিজ্ঞদের সঙ্গেই নিজেকে শাণিত করেছিলেন। ব্র্যাথওয়েটের মতে, সূর্যবংশীর ক্ষেত্রেও একই পথ অনুসরণ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

তার ভাষায়, তরুণ এই ব্যাটসম্যানকে জাতীয় দলের পরিবেশে রাখা যেতে পারে, যেখানে সে শিখবে বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা সূর্যকুমার যাদবদের কাছ থেকে। তবে এখনই আন্তর্জাতিক ক্রিকেটে নামানো ঠিক হবে না। কারণ, সেটি হতে পারে ‘গভীর পানিতে’ হঠাৎ ফেলে দেওয়ার মতো।

একই সুরে সতর্ক করেছেন সাবেক ক্রিকেটার দীপ দাসগুপ্তও। তার মতে, সূর্যবংশীর আন্তর্জাতিক দলে ডাক পাওয়া সময়ের ব্যাপার হলেও তাকে সামলাতে হবে অত্যন্ত যত্ন নিয়ে। টেকনিক্যাল দিক থেকে তিনি ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন- বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে তার ব্যাটিংই তার সাক্ষ্য দেয়। তবে মানসিক দৃঢ়তার পরীক্ষাই আসল চ্যালেঞ্জ, যেখানে ভালো-মন্দ সময় সামলাতে পারার ক্ষমতাই ঠিক করে দেবে তার ভবিষ্যৎ।

দাসগুপ্ত সবচেয়ে মুগ্ধ সূর্যবংশীর ধারাবাহিকতায়। আইপিএলের প্রথম মৌসুমে ৭ ম্যাচে ২৫২ রান করা এই তরুণ দ্বিতীয় মৌসুমেই সেটিকে ছাড়িয়ে গেছেন। এবার ৭ ম্যাচেই করেছেন ৩৫৭ রান। দ্বিতীয় বছর সাধারণত কঠিন হয়, কারণ তখন বোলাররা পরিকল্পনা নিয়ে নামে। কিন্তু সূর্যবংশী সেই চ্যালেঞ্জও দারুণভাবে সামলেছেন।

ব্র্যাথওয়েট আরও এক ধাপ এগিয়ে বলছেন- এই গতিতে এগোতে থাকলে আগামী মৌসুমেই আইপিএলের ‘মুখ’ হয়ে উঠতে পারেন সূর্যবংশী। প্রায় ১৫০ কোটির দেশের ভেতর থেকে উঠে আসা ১৫ বছর বয়সী এই প্রতিভা যেন এখন পুরো বিশ্বের নজরের কেন্দ্রবিন্দু।

এখন পর্যন্ত তার ৩৫৭ রানের ঝুলি একসময় তাকে অরেঞ্জ ক্যাপের শীর্ষে তুলেছিল। যদিও পরে অভিষেক শর্মা সেটি ছিনিয়ে নেন। তবু ২৩৪.৮৬ স্ট্রাইক রেট নিয়ে তিনি এই মৌসুমের দ্বিতীয় সেরা। আর পারফরম্যান্স সূচকেও আছেন সবার ওপরে।