খেলাধুলা

ঘোরলাগা অভিজ্ঞতার শেষে জয়ের স্বপ্ন ফক্সক্রফটের

আইপিএল ও পিএসএলে নিউ জিল্যান্ডের মূল দলের প্রায় ১৫-২০ জন খেলোয়াড় ব্যস্ত থাকায় এবার বাংলাদেশ সফরে এসেছে তাদের তরুণ ও প্রতিশ্রুতিশীল একটি দল। যাদেরকেই ভবিষ্যতের কিউই ক্রিকেটের ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে এই তরুণদের মধ্যে সবচেয়ে আলোচনায় আছেন ডেন ফক্সক্রফট।

ব্যাট হাতে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক পারফর্মার তিনি। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতাও দেখা গেছে তার মধ্যে।

২০২৩ সালে নিউ জিল্যান্ড বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজ জিতেছিল। সেবার নিউ জিল্যান্ডের ২১২তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে মিরপুর শের-ই-বাংলায় অভিষেক হয়েছিল ফক্সক্রফটের। তবে সেই অভিষেকটা সুখকর ছিল না। শরিফুল ইসলামের প্রথম বলেই আউট হয়ে গোল্ডেন ডাক দিয়ে শুরু হয় তার ক্যারিয়ার।

লম্বা সময় পর এবার তাকে আবারও সুযোগ দেওয়া হয় সফরের দলে। প্রথম ম্যাচেই তিনি খেলেন ৫৯ রানের দারুণ ইনিংস এবং সঙ্গে নেন একটি উইকেট। তার পারফরম্যান্সে বাংলাদেশকে চমকে দিয়ে ম্যাচ জেতে নিউ জিল্যান্ড। সেই ম্যাচে তিনিই ছিলেন জয়ের অন্যতম নায়ক। তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামে ব্যাট হাতে আরও বিধ্বংসী ছিলেন তিনি। ৭টি ছক্কায় বাংলাদেশের বোলিং আক্রমণে চাপ সৃষ্টি করেন। যদিও শেষ পর্যন্ত তার ৭৫ রানের ইনিংস থামিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

অন্যদিকে চট্টগ্রামে একমাত্র টি-টোয়েন্টিতে তিনি ব্যর্থ হন। মাহেদীর ঘূর্ণিতে মাত্র ৩ রানে আউট হন। তবুও বাংলাদেশে ফিরে এসে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট ফক্সক্রফট বলেন,

“এ ধরনের সফরে এসে পৃথিবীর একেবারে ভিন্ন একটা জায়গা কাছ থেকে দেখা। এটা সত্যিই দারুণ অভিজ্ঞতা। নিজের পারফরম্যান্স নিয়েও আমি বেশ সন্তুষ্ট। প্রথম ম্যাচ থেকে এখন পর্যন্ত যাত্রাটা আমার কাছে সত্যিই অবিশ্বাস্য মনে হচ্ছে। নিউ জিল্যান্ডে আমি যে ভূমিকায় খেলি, এখানে সেটা একটু আলাদা। এটাও নতুন অভিজ্ঞতা।”

তিনি আরও বলেন, “আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বর্তমান মুহূর্তে থাকা, যেখানে আছি সেটা উপভোগ করা এবং মাঠে যা সামনে আসছে তার ওপর মনোযোগ দেওয়া। তৃতীয় ওয়ানডের পারফরম্যান্সে আমি নিজেও অবাক হয়েছিলাম, তবে সেটাও এখন অতীত। আগামীকাল আবার নতুন ম্যাচ।”

সফরের শেষ ম্যাচ আগামীকাল ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও নির্ধারক ম্যাচ। প্রথম ম্যাচে হারায় পিছিয়ে আছে নিউ জিল্যান্ড, আর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে শেষ ম্যাচই সিরিজ নির্ধারণ করবে।

ফক্সক্রফটও হাল ছাড়তে নারাজ। তার ভাষায়, “আশা করছি, আমি আবারও দলের জন্য অবদান রাখতে পারব এবং আমরা দল হিসেবে জয়টা নিশ্চিত করতে পারব।”