আইসিসির বাৎসরিক র্যাংকিং হালনাগাদে বাংলাদেশ নারী ক্রিকেট দলের উন্নতি হয়েছে। র্যাংকিংয়ে সাত নম্বরে উঠেছে বাংলাদেশ। পেছনে ফেলেছে পাকিস্তানকে। এছাড়া টেস্ট র্যাংকিংয়ে অপরিবর্তিত বাংলাদেশের অবস্থান। আগের মতোই ৯ নম্বরে আছে বাংলাদেশ।
শুক্রবার আইসিসি বাৎসরিক র্যাংকিংয়ের হালনাগাদ করেছে। শুধুমাত্র পুরুষদের টেস্ট ও নারীদের ওয়ানডে র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ করেছে। পুরুষদের ওয়ানডে র্যাংকিংয়ের হালনাগাদ আগামী বৃহস্পতিবার এবং পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের হালনাগাদ আগামী মঙ্গলবার প্রকাশ করবে আইসিসি।
নারীদের ওয়ানডে র্যাংকিং হালনাগাদের জন্য আইসিসি ২০২৫ সালের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে। তাতে হালনাগাদে বাংলাদেশের র্যাংকিং একধাপ বেড়েছে। পাকিস্তানকে টপকে বাংলাদেশ সাতে গেলেও রেটিং পয়েন্ট কমেছে। আগের রেটিং ছিল ৭৪। এখন ৭৩। অন্যদিকে পাকিস্তানের রেটিং কমেছে ৩।
এদিকে টেস্ট র্যাংকিংয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা শীর্ষ দুটি স্থান ধরে রেখেছে। দুই দলের হালনাগাদে ৩ রেটিং পয়েন্ট বেড়েছে। অস্ট্রেলিয়ার ১৩১, দক্ষিণ আফ্রিকার ১১৯। ভারত ও ইংল্যান্ডের জায়গার অদলবদল হয়েছে। ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে ভারত তিনে। ৭ রেটিং পয়েন্ট হারিয়ে ১০২ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে চারে।
এছাড়া নিউ জিল্যান্ড পাঁচে (১০১), ছয়ে পাকিস্তান (৮৯), সাতে শ্রীলঙ্কা (৮৬) ও আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৬৮)। নয়ে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৪ বেড়ে এখন ৬৭। বাংলাদেশের পর র্যাংকিংয়ে আছে কেবল জিম্বাবুয়ে। ১০ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দশে।
হালনাগাদের সময়ে প্রয়োজনীয় ম্যাচ না খেলায় টেস্ট খেলুড়ে আরেক দেশ আয়ারর্যান্ড তালিকা থেকে বাদ পড়েছে। আগের থেকেই নেই আফগানিস্তান।