চট্টগ্রামেই যেই লড়াইয়ের ফয়সালা হয়ে যাওয়ার সুযোগ ছিল বৃষ্টির বাগড়ায় তা ঢাকা পর্যন্ত গড়িয়েছে। তবে বৃষ্টি ঢাকাতেও পিছু ছাড়ছে না। প্রতিদিনই দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে দিনের শুরুতেই বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে রাজধানী।
প্রকৃতির গুমোটভাব থাকে সারাদিন। সূর্যর দেখা মেলে কম সময়ই। বৈশাখের এমন দিনেই আজ দুপুর ২টায় আবার মাঠে নামবে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড। দুই দলের জন্য সমীকরণ খুব সহজ। বাংলাদেশ আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতলে জিতে নেবে সিরিজ। আর নিউ জিল্যান্ড যদি ম্যাচ জেতে তাহলে সিরিজে ফেরাতে সমতা।
তাহলে অমীমাংসিতভাবে শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ। যেমনটা হয়েছিল ২০২৩ সালেও। দুই দলের মধ্যকার সর্বশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়। নিউ জিল্যান্ড সফরে প্রথম ম্যাচেই ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচ বৃষ্টি আইনে ১৭ রানে জিতে সিরিজ হার এড়ায় নিউ জিল্যান্ড।
এবারও কী একই ভাগ্য অপেক্ষা করছে নাকি ভিন্ন কিছু হবে? আজ সন্ধ্যার আগেই পাওয়া যাবে উত্তর। বৃষ্টিতে খেলা পণ্ড হলেও বাংলাদেশ সিরিজ জিতে যাবে।
তবে বাংলাদেশ চায় মাঠে ক্রিকেট খেলেই সিরিজটা নিশ্চিত করতে। দলের ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী বলেছেন, ‘‘(প্রথম ম্যাচে) আমরা ভালো খেলতে পেরেছি, ইন্টেন্ট দেখাতে পেরেছি, পরের ম্যাচে এটা ধরে রাখতে চাই। আমাদের ভালো একটি সুযোগ আছে সিরিজ জয়ের। অবশ্যই চাইব জেতার জন্য খেলার।”
শুক্রবার বাংলাদেশ দল সকালে ও দুপুরে অনুশীলন করে অতিথিরা। নিউ জিল্যান্ড শেষ ম্যাচটি জিতে সফরের শেষটা দারুণভাবে করতে চায়। দলের অলরাউন্ডার ডেন ফক্সক্রফট বলেছেন, ‘‘শেষ ম্যাচটা বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছিল। এখানে এসে সিরিজে সমতায ফেরানোর একটা সুযোগ আমরা পেয়েছি। দলের আবহ বেশ ভালো, সবাই ইতিবাচক আছে। প্রথম ম্যাচের পর ভাবার জন্য আমরা কয়েকদিন সময় পেয়েছি। ওই ম্যাচে আমরা অনেক কিছুই ভালো করেছি এবং অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমরা বোলিং এবং ব্যাটিংয়ের নানা কিছু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি।”
“আমরা দল হিসেবে চেষ্টা করেছি, নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার এবং আমরা জানি, কোন কোন বিষয়ে আমাদের আরও উন্নতি করতে হবে। আজ আমাদের অনুশীলন আছে এবং আশা করি আমরা আগামীকালের জন্য প্রস্তুত হতে পারব।” – যোগ করেন তিনি।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড। এর মধ্যে ৫টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ১৫ ম্যাচে জয় কিউইদের। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
নিউ জিল্যান্ডের বিপক্ষে মাত্র একবার সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয়। আজ জিতলে দ্বিতীয় সিরিজ জয় হবে বাংলাদেশের।