শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থান আবারও স্পষ্ট করে দিল আর্সেনাল। ঘরের মাঠে শনিবার রাতে ফুলহামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে তারা সরাসরি বার্তা ছুঁড়ে দিয়েছে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির দিকে।
এই জয়ে নায়ক ভিক্টর গিওকেরেস একাই করেন ২ গোল। তার সঙ্গে গোলের তালিকায় নাম লেখান বুকায়ো সাকা। যিনি দীর্ঘদিন পর একাদশে ফিরে ম্যাচের ছন্দই বদলে দেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। ৯ মিনিটেই লিড এনে দেন গিওকেরেস, সাকার নিখুঁত পাস থেকে। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন সাকা নিজেই। আর যোগ করা সময়ে লিয়ান্দ্রো ত্রোসার ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন গিওকেরেস। বিরতির আগেই ৩-০ ফলে ম্যাচ কার্যত সেখানেই শেষ।
পুরো প্রথমার্ধে ফুলহামকে একপ্রকার নিজেদের অর্ধেই আটকে রাখে আর্সেনাল। মাঝমাঠ ও আক্রমণে তাদের গতি এবং পাসিং ছিল নিখুঁত, যা এই মৌসুমে তাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এই জয়ে পয়েন্ট টেবিলে সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল, যদিও তারা খেলেছে ২ ম্যাচ বেশি। গোল ব্যবধানেও রয়েছে ৪ গোলের সুবিধা, যা শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
দ্বিতীয়ার্ধে আর্সেনাল কিছুটা ছন্দ কমালেও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি। ডেভিড রায়া গুরুত্বপূর্ণ সেভ করেন, আর গিওকেরেস হ্যাটট্রিকের কাছাকাছি গিয়েও গোলরক্ষককে হারাতে পারেননি।
এখন সামনে আর্সেনালের ৩টি ম্যাচ- ওয়েস্ট হ্যাম, বার্নলি ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। দীর্ঘ ২২ বছর পর লিগ শিরোপা জয়ের স্বপ্ন আবার জেগে উঠেছে লন্ডনের এই ক্লাবের সমর্থকদের মনে।
সব চাপ এখন সিটির ওপর- তারা কতটা ধারাবাহিক থাকতে পারে, সেটিই ঠিক করে দেবে শিরোপার ভাগ্য। আর আর্সেনাল? তারা জানিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত।