খেলাধুলা

রবিনহোর ছেলের সঙ্গে হাতাহাতি করে আলোচনায় নেইমার

নেইমারের সান্তোস অধ্যায় যেন বারবার আলোচনার জন্ম দিচ্ছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছে অনুশীলন মাঠের একটি অস্বস্তিকর ঘটনা। যেখানে এক কিশোর সতীর্থের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ব্রাজিল তারকা।

সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, সান্তোসের অনুশীলন সেশনে রবিনহো জুনিয়রের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। ১৮ বছর বয়সী এই তরুণ, যিনি ব্রাজিলের সাবেক তারকা রবিনহোর ছেলে, অনুশীলনের সময় নেইমারকে ড্রিবল করে পাশ কাটিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনাটি ঘটে সান্তোসের অনুশীলন কেন্দ্র সিটি রেই পেলের এক সকালের সেশনে। আগের ম্যাচে কৃত্রিম ঘাসের কারণে দলে না থাকায় নেইমার ওই দিন রিজার্ভ খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে অংশ নেন। সেখানেই ড্রিলের সময় কিশোর সতীর্থের গতিতে বিরক্ত হয়ে তাকে ধীর হতে বলেন তিনি। এরপর কথার লড়াই ধাক্কাধাক্কিতে রূপ নেয়।

প্রতিবেদন অনুযায়ী, এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শারীরিক সংঘর্ষও ঘটে। এমনকি নেইমার কিশোর খেলোয়াড়কে ধাক্কা ও ফেলে দেওয়ার মতো আচরণ করেছেন বলেও দাবি করা হয়েছে।

ঘটনাটিকে আরও বিস্ময়কর করে তুলেছে দুজনের সম্পর্কের প্রেক্ষাপট। সান্তোসে যোগ দেওয়ার পর থেকেই নেইমার এই তরুণের পরামর্শদাতা হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি তার বাবা রবিনহোর সঙ্গে নেইমারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় দুই পরিবারের মধ্যেও ছিল সখ্য।

তবে উত্তপ্ত পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়নি। অনুশীলন শেষে নেইমার নিজের আচরণের জন্য ক্ষমা চান এবং বিষয়টি দ্রুতই মীমাংসা হয়ে যায়। ক্লাব সূত্রে জানা গেছে, ঘটনার পর আর কোনো উত্তেজনা ছিল না এবং দল স্বাভাবিক পরিবেশেই অনুশীলন শেষ করে।

বিশ্বকাপ সামনে রেখে নিজেকে প্রস্তুত করার মিশনে থাকা নেইমারের জন্য এমন ঘটনা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্বের প্রশ্নও এখন নতুন করে আলোচনায় উঠে এলো।