ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগের ছয় ম্যাচের চারটির ফয়সালা হয়েছে বৃষ্টি আইনে। বাকি দুইটি ম্যাচ আগামীকাল সোমবার রিজার্ভ ডেতে গেছে। যেখানে খেলা বন্ধ হয়েছে সেখান থেকেই শুরু হবে ম্যাচ।
আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ পৃথক দুই ভেনু্যতে অনুষ্ঠিত হয়। বৃষ্টির বাধায় ম্যাচের ফল বের হয়নি। আগামীকাল রিজার্ভ ডেতে হবে ম্যাচ।
মোহামেডানের হয়ে সেঞ্চুরি পেয়েছেন নাঈম শেখ। ইউল্যাব মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে এক ডজন ছক্কা হাকান তিনি। ১৩৬ বলে ৫ চার ও ১২ ছক্কায় ১৪৫ রান করেন নাঈম। এছাড়া ইয়াসির আলী চৌধুরী ৫ ছক্কায় ৬৯ রান করেন। পারভেজ হোসেন ইমন ৪৬ ও তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৫ রান। ৬ উইকেটে ৩৪৫ রানের পুঁজি পায় মোহামেডান। জবাব দিতে নেমে ১৬.৫ ওভারে ৫৩ রান তুলতেই ৫ উইকেট হারায় রূপগঞ্জ টাইগার্স। এরপর বৃষ্টি হলে আর খেলা চালানো যায়নি। আগামীকাল রূপগঞ্জ টাইগার্সের ১৯৯ বলে ২৯৩ রান করতে হবে।
আবাহনী লিমিটেডের ম্যাচও আগামীকাল গিয়েছে। পিএসপির ২ নম্বর মাঠে আগে ব্যাটিং করে আবাহনী ৬ উইকেটে ২৮৩ রান করে। জবাব দিতে নেমে ব্রাদার্স ১ উইকেটে করে ৪৯ রান। আগামীকাল এখান থেকেই খেলা শুরু হবে।
বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি পেয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের শাহাদাত হোসেন সবুজ। ১২১ বলে ১৩২ রানের ইনিংস খেলেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে গুলশান ক্রিকেট ক্লাব ৫ উইকেটে ৩০১ রান করে। জবাব দিতে নেতে অগ্রণী ব্যাংক ডিএল মেথডে ১৯৩ রানের লক্ষ্য পায় ২৬ ওভারে। কিন্তু অগ্রণী ব্যাংক ১৩২ রানে গুটিয়ে যায়। ৬০ রানের বিশাল জয় পায় গুলশান ক্রিকেট ক্লাব।
প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপএঞ্জর ম্যাচ ডিএল মেথড ফয়সালা হয়েছে। আগে ব্যাটিং করে লিজেন্ডস অব রূপগঞ্জ ২২৭ রান করে। জবাব দিতে নেমে নেমে ২৫.৪ ওভারে ২ উইকেটে ১০৮ রান তুলে নেয় প্রাইম ব্যাংক। ডিএল মেথডে ২১ রানে এগিয়ে ছিল প্রাইম ব্যাংক। ওই ব্যবধানেই তারা তুলে নেয় জয়। দলটির জয়ের নায়ক শামীম মিয়া ৪৮ রানে পয়েছ্নে ২ উইকেট। প্রাইম ব্যাংকের হয়ে এদিন রান করেছেন শাহাদাত হোসেন দিপু। ৬১ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া ২৪ রান করেছেন আবু হায়দার।
ক্রিকেটার্স একাডেমিতে বসুন্ধরা স্ট্রাইকার্স ১০ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। আগে ব্যাটিং করে বসুন্ধরা স্ট্রাইকার্স ২৩৫ রান করে। জবাব দিতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৮৩ রানের বেশি করতে পারেনি। বৃষ্টি আইনে ৩৪ ওভারে ১৯৪ রানের টার্গেট পেয়েছিল তারা। বসুন্ধরা স্ট্রাইকার্সের জয়ের নায়ক লেগ স্পিনার আমিনুল ইসলাম। ৩৯ রানে ৪ উইকেট পেয়েছেন। সোহান ৬ চার ও ৫ ছক্কায় করেছেন ৭৩।
ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাবের ম্যাচও ফয়সালা হয়েছে ডিএল মেথডে। বিকেএসপির ৪ নম্বর মাঠে ঢাকা লেপার্ডস ৯ উইকেটে ৩০৬ রান করে। ২০.১ ওভারে ১ উইকেটে ৯৬ রান তুলে নেয় সিটি ক্লাব। ডিএল মেথড অনুযায়ী সিটি ক্লাব তখন এগিয়ে ছিল। এজন্য জয় পায় ৯ উইকেটে। ঢাকা লেপার্ডসের হয়ে এদিন সেঞ্চুরি করেছেন জাকির হাসান। ১৩৪ বলে ১২ চার ও ৫ ছক্কায় সাজান ১৩৭ রানের ইনিংসটি। এছাড়া মঈন খান করেন ৬৬ রান। জবাব দিনে নেমে সাদিকুর রহমানের ৩৮ ও মিজানুর রহমানের ৫৪ রানে সিটি ক্লাব ভালো শুরু পায়। কিন্তু ভেজা আউটফিল্ড ও আলোর স্বল্পতায় খেলা আর গড়ায়নি।