খেলাধুলা

জয়ের খাতা খুলল আবাহনী, মোহামেডানের তিনে তিন

ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেল আবাহনী লিমিটেড। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হারিয়েছেন ব্রাদার্স ইউনিয়নকে। এদিকে প্রত্যাশিত জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে হারিয়ে লিগের তৃতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান।

সোমবার দুই দল রিজার্ভ ডেতে মাঠে নেমেছিল। আগের দিন যেখানে খেলা বন্ধ হয়েছিল আজ সেখান থেকেই খেলা শুরু হয়। মোহামেডান ২০০ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে। আবাহনী ১৬৬ রানে হারিয়েছে ব্রাদার্সকে।

ইউল্যাব মাঠে মোহামেডান আগে ব্যাটিং করে ৬ উইকেটে ৩৪৫ রান তুলেছিল। জবাব দিতে নেমে ১৬.৫ ওভারে ৫৩ রান তুলতেই ৫ উইকেট হারায় রূপগঞ্জ টাইগার্স। এরপর বৃষ্টি হলে আর খেলা চালানো যায়নি। আজ সেখান থেকেই শুরু হয় খেলা।

কিন্তু ব‌্যাটিং ভালো হয়নি তাদের। ১৪৫ রানে থেমে যায় ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সজীব মিয়া। ২৮ রান করেন হুমায়ুন আহমেদ। বল হাতে পেসার মৃতু‌্যঞ্জয় চৌধুরী ৪১ রানে নেন ৫ উইকেট। ৩ উইকেট পেয়েছেন রিশাদ। ম‌্যাচ সেরা নির্বাচিত হন আগের দিন ১৪৫ রান করা নাঈম শেখ।

পিএসপিতে আবাহনীর সামনে দাঁড়াতে পারেনি ব্রাদার্স। আবাহনীর দেওয়া ২৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১৭ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। ১ উইকেটে ৪৯ রানে সোমবার রিজার্ভ ডের খেলা শুরু করে ব্রাদার্স। ৬৮ রান তুলতে ৯ উইকেট হারায় তারা।ওপেনার জিহাদুজ্জামান সর্বোচ্চ ৪০ রান করেন। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেনি।

আবাহনীর হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন সৈয়দ খালেদ আহমেদ, বর্ষণ, রাকিবুল, সৌম‌্য ও মাহফুজুর রাব্বী। ম‌্যাচ সেরা হয়েছেন ব‌্যাট হাতে ৮৩ রান করা মাহিদুল ইসলাম অঙ্কন।