ওয়ানডে খেলতে ১৫ বছর পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। জুনেই হবে এই সফর। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে অসিরা। ওয়ানডে সিরিজটি হবে মিরপুরে। টি-টোয়েন্টি চট্টগ্রামে।
বাংলাদেশি ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি জানিয়েছে, দুই সংস্করণের জন্য ‘মোস্ট ভেুল্যুয়েবল ক্রিকেটার’ পাবেন একটি গাড়ি।
এ নিয়ে গাড়ির ব্র্যান্ড চেরির সঙ্গে একটি চুক্তি করেছে বিসিবি। আনুষ্ঠানিকভাবে বিসিবি ও চেরি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত জানান।
দ্বিপক্ষীয় সিরিজের সেরা খেলোয়াড়কে গাড়ি পুরস্কৃত করার রীতি এর আগেও ছিল। বাংলাদেশ যেবার ২০০৫ সালে প্রথম টেস্ট জিতেছিল সেবার সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে নাফিস ইকবাল পেয়েছিলেন গাড়ি। নিউ জিল্যান্ডকে ঘরের মাঠে প্রথমবার হোয়াইটওয়াশ করানোর পর সাকিব আল হাসানের গ্যারেজে ঢুকেছিল গাড়ি। এছাড়া বিপিএলের প্রথম তিন আসরের দুটিতেই টুর্নামেন্ট সেরা হয়ে সাকিব পেয়েছিলেন গাড়ি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে কিছুদিন আগে টি-টোয়েন্টি সিরিজে সেরা হয়ে শরিফুল ইসলাম পেয়েছিলেন ইলেকট্রিক মোটরবাইক। পাকিস্তান সিরিজের সেরা খেলোয়াড়কেও দেওয়া হবে বাইক। সামনের অস্ট্রেলিয়া সিরিজের জন্য বরাদ্দ চেরি ব্র্যান্ডের গাড়ি।
সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘‘এটা আমার জন্য গর্বের ব্যাপার। এ রকম বড় বড় কোম্পানি যত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে শুরু হবে, সেটা আমাদের ক্রিকেটের জন্যও ভালো। আমাদের ক্রিকেটারদেরও একটা প্রণোদনা দেওয়া কোনো সিরিজে ভালো করার জন্য।’’