খেলাধুলা

‘সব ম্যাচে নয়, বিশেষ মুহূর্তের জন্য নেইমারকে চাই’

বিশ্বকাপের মূল দল ঘোষণার আর বেশি দেরি নেই। এরই মধ্যে ব্রাজিল দলে কাকে রাখা হবে, কাকে বাদ দেওয়া হবে- তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সবচেয়ে বেশি বিতর্কের কেন্দ্রে আছেন নেইমার। প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তার ফিটনেস, ম্যাচ ছন্দ এবং মাঠে ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। এমন পরিস্থিতিতে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো মনে করেন, নেইমার এখনও দলের জন্য বিশেষ কিছু দিতে পারেন। তবে তাকে প্রতিটি ম্যাচে খেলানো উচিত হবে না।

সম্প্রতি রিও ফার্দিনান্দের এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে কাসেমিরো বলেন, তিনি অবশ্যই নেইমারকে বিশ্বকাপ দলে রাখতে চান। তবে তার মতে, নেইমারকে সব ম্যাচে শুরুর একাদশে খেলানো আদর্শ সিদ্ধান্ত হবে না।

কাসেমিরো বলেন, “হ্যাঁ, আমি তাকে দলে রাখব। কিন্তু প্রতিটি ম্যাচে খেলাব না। আমার কাছে মনে হয়, সব ম্যাচে তাকে খেলানো নিখুঁত সিদ্ধান্ত হবে না। যখন ম্যাচ বন্ধ অবস্থায় থাকবে, স্কোর হবে ০-০, তখন যদি বিশেষ কোনো গোল বা অসাধারণ কোনো পাসের দরকার হয়, তখন নেইমারই সেই খেলোয়াড়।”

তিনি আরও বলেন, “সে ম্যাচের চেহারা বদলে দিতে পারে। বর্তমানে আমাদের দলে এমন খেলোয়াড় নেই। তবে এটা শুধু আমার মতামত। শেষ সিদ্ধান্ত কোচের।”

কাসেমিরোর বক্তব্যে পরিষ্কার, তিনি নেইমারকে নিয়মিত শুরুর খেলোয়াড় হিসেবে দেখছেন না। বরং কঠিন মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো বিশেষ অস্ত্র হিসেবেই দেখছেন এই তারকাকে।

এর আগে কাসেমিরো প্রশ্ন তুলেছিলেন, বেঞ্চে বসে থেকে কিছু ম্যাচ শুরু করার মানসিকতা নেইমারের আছে কি না।

এদিকে বিশ্বকাপের আগে নিজের অবস্থান আরও শক্ত করেছেন নেইমার। গত সপ্তাহে সান্তোসের হয়ে রেড বুল ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ গোলের জয়ে গোল করেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে সেই পারফরম্যান্স আবারও আলোচনায় এনে দিয়েছে তাকে।

সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে শেষ ৯ ম্যাচে ৪ গোল ও ১টি গোলে সহায়তা করেছেন নেইমার। ফলে তাকে ঘিরে বিতর্ক এখনও পুরোপুরি থামেনি।

জানা গেছে, ব্রাজিলের প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় আছেন নেইমার। ফলে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার সুযোগ এখনও রয়েছে তার সামনে।

তবে মূল প্রশ্ন একটাই- বর্তমান অবস্থার নেইমার কি এখনও ব্রাজিলকে বড় মঞ্চে সাফল্য এনে দিতে পারবেন? কাসেমিরোর মতে, হয়তো পুরো ম্যাচ নয়, কিন্তু এমন একটি মুহূর্তের জন্যই নেইমারকে প্রয়োজন হতে পারে, যেটি আর কেউ তৈরি করতে পারবে না।