খেলাধুলা

বিশ্বকাপ স্বপ্ন নিয়ে যে স্পষ্ট বার্তা দিলেন কোহলি

ক্রিকেটে প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে আধিপত্য দেখানো বিরাট কোহলি এখনও থামতে চান না। বয়স ৩৭ ছুঁলেও ভারতের হয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন তিনি। তবে একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমন কোনো পরিবেশে তিনি থাকতে চান না যেখানে বারবার নিজের মূল্য বা সামর্থ্য প্রমাণ করতে হয়।

সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক পডকাস্টে নিজের মানসিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন ভারতীয় এই তারকা ব্যাটার। 

কোহলি বলেন, “অনেকবার আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আমি কি ২০২৭ বিশ্বকাপ খেলতে চাই? অবশ্যই চাই। যদি খেলি, তাহলে ক্রিকেট খেলতেই চাই। ভারতের হয়ে বিশ্বকাপ খেলা অসাধারণ ব্যাপার।”

তবে শুধু খেলার ইচ্ছাই নয়, নিজের অবস্থান নিয়েও পরিষ্কার কোহলি। তার মতে, তিনি এমন জায়গায় থাকতে চান যেখানে তার অভিজ্ঞতা ও অবদানকে সম্মান করা হবে।

কোহলি বলেন, “আমি যদি এমন অনুভব করি যে আমাকে নিজের মূল্য প্রমাণ করতে হবে, তাহলে আমি সেই জায়গায় নেই। কারণ আমি আমার প্রস্তুতির প্রতি সৎ, খেলার প্রতি সৎ।”

সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। তবে ওয়ানডেতে এখনও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৭ ইনিংসে করেছেন ৩টি সেঞ্চুরি ও ৩টি অর্ধশতক। ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতেও খেলেছেন দারুণ দুটি ইনিংস- ১৩১ ও ৭৭ রান। আর চলতি আইপিএলেও ১২ ইনিংসে ৪৮৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন ওপরের দিকেই।

কোহলি জানান, এখন তিনি শুধুই ক্রিকেটের আনন্দের জন্য খেলেন। কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়।

তার ভাষায়, “আমি মাঠে নামি কারণ আমি খেলাটা ভালোবাসি। বিজয় হাজারে ট্রফিতেও আমি সেই অনুভূতি নিয়ে খেলেছি। পুরো ম্যাচে ফিল্ডিং করেছি, ডাইভ দিয়েছি, নিজেকে আবার শিশুর মতো মনে হচ্ছিল।”

তবে কথার মাঝেই উঠে এসেছে এক ধরনের আক্ষেপও। কোহলি বলেন, কোনো কর্মক্ষেত্রে যদি প্রথমে তার সামর্থ্যের ওপর আস্থা দেখানো হয়, পরে আবার সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তোলা হয়, তাহলে সেটি বিভ্রান্তিকর।

তিনি বলেন, “প্রথম দিনই বলে দিন আমি যথেষ্ট ভালো নই, কিংবা আমাকে দরকার নেই। কিন্তু যদি বলেন আমি যথেষ্ট ভালো, তাহলে পরে চুপ থাকুন এবং আমাকে খেলতে দিন।”

পারফরম্যান্স নিয়ে মূল্যায়নের ক্ষেত্রেও ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন কোহলি। তার মতে, ফলাফল সবসময় কারও নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু পরিশ্রম, নিবেদন ও প্রতিশ্রুতি পুরোপুরি একজন খেলোয়াড়ের হাতে থাকে।

কোহলি বলেন, “কেউই পারফরম্যান্সের নিশ্চয়তা দিতে পারে না। কিন্তু আমি কতটা পরিশ্রম ও নিবেদন দিতে পারি, সেটা আমি জানি। কারণ আমি সারা বছর সেইভাবেই জীবনযাপন করি।”