ফুটবল ইতিহাসে আরেকটি অনন্য অধ্যায় লিখতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপের জন্য পর্তুগালের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন তিনি, যা পুরুষ ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক।
মঙ্গলবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। ৪১ বছর বয়সী রোনালদোকে দলে রেখে পর্তুগাল এবার বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। এটাই সম্ভবত রোনালদোর শেষ বিশ্বকাপ। এর আগেই তিনি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ অভিযান।
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার ট্রফিটি এখনও জেতা হয়নি রোনালদোর। তাই এটি হতে পারে তার শেষ বড় সুযোগ। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও যদি আর্জেন্টিনার হয়ে খেলেন, তাহলে দুজনই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৬টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়বেন।
রোনালদো ইতোমধ্যেই পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (২২৬) ও সর্বোচ্চ গোলের (১৪৩) মালিক। এছাড়া তিনিই একমাত্র ফুটবলার, যিনি ৫টি ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন।
তবে এবারের বিশ্বকাপ শুধু রোনালদোর রেকর্ডের গল্প নয়, আবেগেরও গল্প। পর্তুগাল কোচ মার্তিনেজ জানিয়েছেন, প্রয়াত দিয়োগো জোতার স্মৃতি থাকবে পুরো দলের হৃদয়ে। ২৮ বছর বয়সী জোতা, যিনি পর্তুগালের নিয়মিত সদস্য ছিলেন, গত বছর স্পেনে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। বিশ্বকাপ মঞ্চে তাকে স্মরণ করেই খেলতে চায় দলটি।
রোনালদোর সঙ্গে আক্রমণভাগে জায়গা পেয়েছেন জোয়াও ফেলিক্স, রাফায়েল লেয়াও, গনসালো রামোস, পেদ্রো নেতো ও ফ্রান্সিসকো কনসেইসাওদের মতো তারকারা। মাঝমাঠে আছেন ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, ভিতিনিয়া, জোয়াও নেভেস ও রুবেন নেভেস। রক্ষণভাগে আছেন রুবেন দিয়াস, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, দিয়োগো দালোতদের মতো অভিজ্ঞ ফুটবলাররা। গোলরক্ষক হিসেবে আছেন দিয়োগো কস্তা, হোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।
গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।
পর্তুগাল স্কোয়াড: গোলরক্ষক: দিয়োগো কস্তা, হোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।
ডিফেন্ডার: রুবেন দিয়াস, জোয়াও কানসেলো, দিয়োগো দালোত, নুনো মেন্দেস, নেলসন সেমেদো, মাতেউস নুনেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, তোমাস আরাউজো।
মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা, ভিতিনিয়া, জোয়াও নেভেস, রুবেন নেভেস, সামু কোস্তা।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, রাফায়েল লেয়াও, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস, পেদ্রো নেতো, ফ্রান্সিসকো কনসেইসাও, গনসালো গেদেস, ফ্রান্সিসকো ত্রিনকাও।