খেলাধুলা

আবাহনী ও মোহামেডানের জয়

ওয়ালটন স্মার্টফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ বুধবার জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

জাকের আলীর সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১০৬ রানে হারিয়েছে আবাহনী। অন্যদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিং তোপে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারিয়েছে মোহামেডান।

বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনী আগে ব্যাট করতে নেমে জাকের আলীর ১৩৩, মাহিদুল ইসলাম অঙ্কনের ৭৫, এসএম মেহরবের ৪২ ও মোসাদ্দেক হোসেনের ৩০ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪১ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে শামীম হোসেনের ৫১, শাহাদাত হোসেনের ৩৪ ও আজিজুল হাকিমের ৩০ রানে ভর করে ৪৫.৩ ওভারে ২৩৫ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। আর আবাহনী ১০৬ রানে জয় পায়।

বল হাতে আবাহনীর মাহফুজুর রহমান রাব্বি ৭.৩ ওভারে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন। সেঞ্চুরি করে ম্যাচসেরা হন জাকের।

এদিকে মিরপুরে মোহামেডানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বোলিং তোপে ৩৩ ওভারে মাত্র ১৩৩ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। তাদের জাহিদ জাভেদ সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া মাহফিজুল ২৩ ও নাসির হোসেন ২৫ রান করেন। বল হাতে মোহামেডানের  সাইফউদ্দিন ৭ ওভারে ২ মেডেনসহ ১৮ রানে ৪টি উইকেট নেন। মুসফিক হাসান ৮ ওভারে ৩৭ রানে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন তানভির ইসলাম।

জবাবে তাওহীদ হৃদয়ের অপরাজিত ৭১, নাঈম শেখের অপরাজিত ৩৯ ও এনামুল হকের ২২ রানে ভর করে ১১.৩ ওভারেই জিতে যায় মোহামেডান। ম্যাচসেরা হন সাইফউদ্দিন।

এছাড়া জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্স।

গাজী গ্রুপ ক্রিকেটার্স আগে ব্যাট করে ২১৯ রান করে। এরপর গুলশার ক্রিকেট ক্লাবকে ১৮৩ রানে অলআউট করে জয় পায় ৩৬ রানে।

লিজেন্ডস অব রূপগঞ্জ হাড্ডাহাড্ডি লড়াই করে ২ রানে জয় পায় ঢাকা লেওপার্ডসের বিপক্ষে। আগে ব্যাট করে তারা ২৫০ রান করে। লেওপার্ডস সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রানে থামে।

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১ রানে জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স। আগে ব্যাট করে তারা ৫ উইকেটে ২৩৮ রান করে। জবাব দিতে নেমে ব্রাদার্স ৮ উইকেটে ২৩৭ রানের বেশি করতে পারেনি।

সিটি ক্লাবের বিপক্ষে ১ উইকেটে জিতেছে বসুন্ধরা। সিটি ক্লাব আগে ব্যাট করে ৮ উইকেটে ২৩১ রান করে। জবাব দিতে নেমে ৪৯.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান তুলে জয় নিশ্চিত করে বসুন্ধরা স্ট্রাইকার্স।

৬ রাউন্ড শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাব ১০ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক দ্বিতীয় ও ৮ পয়েন্ট নিয়ে আবাহনী আছে তৃতীয় স্থানে।