খেলাধুলা

স্বীকৃত ক্রিকেটে ফিরছেন সাকিব

এদিক-সেদিক খেলে নিজেকে ফিট রাখছিলেন সাকিব আল হাসান। দেশের বাইরে নানা জায়গায় ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেললেও সবগুলো স্বীকৃত ছিল না। সামনে সেই দুয়ার খুলে গেল তার।

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল জাফনা কিংস। সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নিয়েছে জাফনা। দলটি চুক্তি করেছে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গেও।

সাকিবের খবর নিশ্চিত করে এলপিএল সামাজিক যোগাযোগ মাধ‌্যমে লিখেছে, “কিংসে যোগ দিলেন বিশ্বখ্যাত টি-টোয়েন্টি তারকা। এলপিএলে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান। যখন দলের স্থিতিশীলতা প্রয়োজন, তখন রান (করেন)। যখন খেলায় ব্রেকথ্রু দরকার, তখন (এনে দেন) উইকেট। যখন চাপ চরমে, তখন (থাকেন) অবিচল। টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের একজনকে দলে নিয়ে জাফনা তাদের বিপজ্জনক লাইনআপে আরও শক্তি যোগ করল।”

এলপিএলের পাঁচ আসরের চারটিতেই শিরোপা জিতেছে জাফনা। পাঁচ দলের এই আসর শুরু হবে ১৭ জুলাই। শেষ হবে ৮ আগস্ট।

তাসকিনকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে এলপিএল জানিয়েছে, ‘‘জাফনা কিংস তাদের পেস আক্রমণে যুক্ত করল গতিময় এক অগ্নিশক্তি। এক শক্তিশালী বোলার। বাংলাদেশের তাসকিন আহমেদ নতুন মৌসুমের জন্য কিংসে যোগ দিলেন। সহজাত গতি। আগ্রাসন। বড় ম্যাচের তেজ। জাফনার বোলিং আক্রমণে যুক্ত হলো এক শক্তিশালী ফাস্ট বোলার।”

সাকিব আগে এলপিএল খেলেছেন একবারই। ২০২৩ সালে তার দল ছিল গল টাইটান্স। পরের বছর তাসকিনের এলপিএলে অভিষেক হয়। খেলেছিল কলম্বো স্ট্রাইকার্সের হয়ে।