খেলাধুলা

ব্ল‌্যান্ডেলের ডাবল ও ফক্সক্রফটের সেঞ্চুরির আক্ষেপ, স্মিথের ৬ উইকেট

আগের দিনের সেঞ্চুরিকে ডাবলে রূপ দেওয়ার পথে ছিলেন টম ব্ল‌্যান্ডেল। ডেন ফক্সক্রফট অভিষেকেই প্রথম টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন। কিন্তু, বেলফাস্ট দুজনকেই হতাশ করল। ব্ল‌্যান্ডেল ক‌্যারিয়ারের প্রথম ডাবল মিস করলেন ১৪ রানের জন‌্য। ফক্সক্রফট ২ রানের আক্ষেপে পুড়েছেন।

আয়ারল‌্যান্ডের বিপক্ষে নিউ জিল‌্যান্ড রানের পাহাড় গড়লেও ব্ল‌্যান্ডেল ও ফক্সক্রফট আক্ষেপকে সঙ্গী করেছেন। তবে, টেস্টের দ্বিতীয় দিন রাঙিয়েছেন নাথান স্মিথ। ৪০ রানে ৬ উইকেট নিয়ে আয়ারল‌্যান্ডের ব‌্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন ডানহাতি পেসার।

নিউ জিল‌্যান্ডের প্রথম ইনিংসে করা ৪৯০ রানের জবাবে আয়ারল‌্যান্ড প্রথম ইনিংসে ১৭৯ রানে গুটিয়ে যায়। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব‌্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৬৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা।

১৪২ রানে ব্লান্ডেল ও ফক্সক্রফট ৩৮ রানে বৃহস্পতিবার দিনের খেলা শুরু করেন। প্রথম সেশনেই দাপুটে ব‌্যাটিংয়ে মাইলফলকের পথে ছুটে যান তারা। কিন্তু, লক্ষ‌্য পূরণে ব‌্যর্থ। উইলসনের বলে ১৮৬ রানে ক‌্যাচ দেন ব্লান্ডেল। ২২ চার ও ৩ ছক্কায় সাজান তার ইনিংস। অভিষেক রাঙানো ফক্সক্রফট পেসার ম‌্যাকব্রেইনের বলে উইলসনের হাতে ক‌্যাচ দেন। ৬ চার ও ১ ছক্কা ছিল তার ইনিংসে।

৪৯০ রানে ইনিংস ঘোষণার পর আয়ারল‌্যান্ডকে চেপে ধরে নিউ জিল‌্যান্ড। স্মিথ নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে তাদের ব‌্যাটিং অর্ডার এলোমেলো করে দেন। শুরুর ৬ ব‌্যাটসম‌্যানের মধ‌্যে দুজন দুই অঙ্কের ঘরে যেতে পারেন। তারাও বিশের ঘর পেরোতে পারেননি।

লোয়ার মিডল অর্ডারে নেমে অ‌্যান্ডি ম‌্যাকব্রাইন ৭৩ রান করেন। ৪০ রান করেন মার্ক আডায়ার। স্মিথ ৪০ রানে ৬ উইকেট পেয়েছেন। ২ উইকেট নেন বেন সিয়ার্স।

৩১১ রানে পিছিয়ে থেকে ব‌্যাটিংয়ে নেমে আয়ারল‌্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়েছিল। কিন্তু, টিকনারের তিন ওভারের স্পেলে দুই উইকেট হারায় স্বাগতিকরা। অ‌্যান্ডি বালবিরনি (১৪) ও কাডে কারমিচেল (৬) দ্রুত আউট হন। দিনের বাকিটা সময় কাটিয়ে দেন স্টিফেন দোহানি ও থমাস মায়েস। আয়ারল‌্যান্ড এখনও ২৪৬ রানে পিছিয়ে।