খেলাধুলা

মেসিকে নিয়েই চ‌্যাম্পিয়নদের বিশ্বকাপ স্কোয়াড

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের মহাযজ্ঞেও লা আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।

চার বছর আগে কাতার বিশ্বকাপে মেসির হাতে শোভা পেয়েছিল বিশ্বকাপের মুকুট। সিংহাসনের সেই তাজ এবার মাথায় নিয়েই যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছেন মেসি। এটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর মধ্যে দিয়ে পুরুষ ফুটবলে বিশ্বকাপের ছয়টি আসরে খেলা ফুটবলারের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে নাম লেখাবেন তিনি।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারও শক্তিশালী দল গঠন করেছে আর্জেন্টিনা। প্রধান কোচ লিওনেল স্কালোনি অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ একটি দল সাজিয়েছেন। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এবারও জায়গা পেয়েছেন। গোলবার সামলানোর দায়িত্বে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। মাঝমাঠে খেলবেন এনসো ফার্নান্দেজ, আলেক্সিস মাক আলিস্টার ও রদ্রিগো দে পল। আক্রমণভাগে মেসির সঙ্গে থাকছেন লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।

এই চূড়ান্ত তালিকায় বড় চমক হলো ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর বাদ পড়া। আর্জেন্টিনার আক্রমণভাগে শেষ পর্যন্ত নিজের জায়গা পাকা করতে পারেননি এই তরুণ। স্কোয়াডে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনিয়া।

২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। মেসির নেতৃত্বে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের সাফল্য দলটিকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। সমর্থকদের প্রত্যাশা, অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও তারুণ্যের মিশেলে গড়া এই দল আবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।

বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। অনেকেই বিশ্বাস করেন, লিওনেল মেসির হাত ধরেই আবারও বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারে লা আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা রয়েছে গ্রুপ জে-তে। নিজেদের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে কানসাস সিটিতে। এরপর ডালাসে অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড গোলরক্ষক: হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ), জেরোনিমো রুলি (মার্সেই), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (মার্সেই), নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (রিভার প্লেট), রদ্রিগো ডি পল (ইন্টার মায়ামি), ভ্যালেন্তিন বার্কো (স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি)।

ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস গঞ্জালেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।