খেলাধুলা

সূর্যবংশী ভারতীয় ক্রিকেটের জন্য ‘ঈশ্বরের উপহার’: গাভাস্কার

মাত্র ১৫ বছর বয়সেই আইপিএল কাঁপিয়ে দেওয়া তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে ভারতীয় ক্রিকেটের জন্য “ঈশ্বরের উপহার” বলে আখ্যা দিয়েছেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। শুধু তাই নয়, ইংল্যান্ড সফরের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলে তাকে সুযোগ দেওয়ার দাবি তুলেছেন সাবেক এই ভারত অধিনায়ক।

রাজস্থান রয়্যালসের হয়ে চলতি আইপিএলে একের পর এক বিস্ফোরক ইনিংস খেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সূর্যবংশী। এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার সর্বশেষ ইনিংসটি ছিল রীতিমতো বিধ্বংসী। মাত্র ২৯ বলে ৯৭ রান করে প্রতিপক্ষের শক্তিশালী বোলিং আক্রমণকে পুরোপুরি গুঁড়িয়ে দেন তিনি।

এই ইনিংসে ১২টি ছক্কা হাঁকিয়ে সুরেশ রায়নার দ্রুততম আইপিএল প্লে-অফ ফিফটির রেকর্ডে ভাগ বসান সূর্যবংশী। মাত্র ১৬ বলেই পূর্ণ করেন অর্ধশতক। একই সঙ্গে ক্রিস গেইলের দ্রুততম আইপিএল সেঞ্চুরির রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ৩ রানের জন্য শতক বঞ্চিত হন।

তবে গেইলের একটি দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন তিনি। এক মৌসুমে সর্বাধিক ছক্কার রেকর্ড এখন সূর্যবংশীর দখলে। চলতি মৌসুমে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫টি।

গাভাস্কার সূর্যবংশীর সঙ্গে তরুণ বয়সের শচীন টেন্ডুলকারেরও কিছু মিল খুঁজে পেয়েছেন, যদিও সরাসরি তুলনা করতে চাননি, “শচীনের মধ্যে সব গুণ ছিল আক্রমণ, রক্ষণ, সব ধরনের শট। প্রথমবার তাকে দেখে আমারও মনে হয়েছিল, সে ঈশ্বরের উপহার। সে শুধু বিশেষ প্রতিভা নয়, অসাধারণেরও চেয়ে বেশি কিছু। ৯৭ রানে আউট হওয়ার পর শুধু আমি নই, হায়দরাবাদের খেলোয়াড় ছাড়া সবাই হতাশ হয়েছিল।”

সূর্যবংশী ১৫ ইনিংসে করেছেন ৬৮০ রান। তার স্ট্রাইক রেট অবিশ্বাস্য ২৪২.৮৫। রয়েছে একটি শতক, চারটি অর্ধশতক, ৫৫টি চার ও ৬৫টি ছক্কা। 

এমন পারফরম্যান্সের পর সূর্যবংশীকে জাতীয় দলের বাইরে কিভাবে রাখবে সেই প্রশ্নও তুললেন গাভাস্কার, ‘‘২০২৬ সালকে বৈভব সূর্যবংশীর বছর হিসেবে মনে রাখা হবে। সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার জন্য প্রস্তুত। ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে তাকে অবশ্যই দলে নেওয়া উচিত। এমন পারফরম্যান্সের পরও যদি তাকে সুযোগ না দেওয়া হয়, তাহলে কবে দেওয়া হবে? বয়স দেখে বিচার করবেন না। সে এমন সব বোলারকে মারছে, যাদের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।”