হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। আগের দুই আসরে যেই দাপট দেখিয়ে বাংলাদেশ সাফ নারীর মুকুট জিতেছিল এবার সেই একই স্বপ্ন দেখেছিল ঋতুপর্ণারা। কিন্তু ভারতের সঙ্গে এবার পেরে উঠল না নারীরা৷ ৩-১ গোলে হেরে সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হলো বাংলাদেশ।
ফাইনালে ৪২ মিনিটে প্রথম গোল করেন ভারতের পেয়ারি জাজা। প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা। কিন্তু দ্বিতীয়ার্ধে তালগোল পাকানো পারফরম্যান্সে বাংলাদেশ দুই গোল হজম করে। তাতে শিরোপাটা ভারতকে স্রেফ উপহার দিয়ে আসে বাংলাদেশ।
হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না গত দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের। শুরুর আক্রমণে বাংলাদেশ এগিয়েছিল। কিন্তু বাংলাদেশ শুরুতে গোল হজম করে পিছিয়ে যায়। পেয়ারি জাজা ভারতকে এগিয়ে নেন। তার নেওয়া শট গোলকিপার মিলির মাথার ওপর দিয়ে ভাসতে ভাসতে জালে জড়িয়ে যায়। কিন্তু বাংলাদেশের ঋতুপর্ণা তো ছিলই। আনিকার থেকে বল পেয়ে তহুরা এগিয়ে দেন ঋতুপর্ণাকে। সেখান থেকে কোনাকুনি শটে গোল করেন বাংলাদেশের সুপারস্টার। কিন্তু সমতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৪৮ সেকেন্ডেই গোল হজম করে। সানফিদার হেডে বল যায় জালে। ৮৩ মিনিটে বাংলাদেশ আরেকটি গোল হজম করে। এলোমেলো রক্ষণের সুযোগটা কাজে লাগিয়ে ভারত স্কোরলাইন ৩–১ করে। তাতে বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়ে যায়।