দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছেন নারীরা। ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ।
বার্মিংহ্যামে আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৮ উইকেটে ১৩৯ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশ ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশের জয়ের নায়ক জুয়ায়রিয়া ফেরদৌস। লক্ষ্য তাড়ায় আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশের জয়ের পথ মসৃণ করেন তরুণ ক্রিকেটার।
টি-টোয়েন্টিতে রান তাড়া করে জয়ের রেকর্ড বাংলাদেশের কম। ১২০ কিংবা ১৩০ রানের বেশি টার্গেট হলে ব্যাটিংয়ে ভুগতে থাকে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এমন কিছু হতে দিল না নারীরা। আত্মবিশ্বাস ও দাপটের সঙ্গেই নেদারল্যান্ডসকে হারিয়েছে।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে উড়ান্ত সূচনা এনে দেন জুয়ায়রিয়া ফেরদৌস। ডানহাতি ওপেনার ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন। তার ঝড়ো ফিফটিতে বাংলাদেশ ৭.৫ ওভারে স্কোরবোর্ডে ৬৭ রান তুলে নেয়।
এরপর হঠাৎ ছন্দপতন বাংলাদেশের ইনিংসে। ১৮ রানে ৪ উইকেট হারায় লাল সবুজের প্রতিনিধিরা। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পাওয়ার পর জুয়ায়রিয়া ইনিংস বড় করতে পারেননি। লেগ স্পিনার ডি লাঙ্গের বলে আউট হন তিনি। নতুন ব্যাটসম্যান অধিনায়ক নিগার সুলতানা এই লেগ স্পিনারের বলে পরাস্ত হয়ে বোল্ড হন প্রথম বলে।
পরের ওভারে দিলারা আক্তার (২৬) উইকেট বিলিয়ে আসেন। সোবহানা মোস্তারি রান আউট হলে বাংলাদেশ কিছুটা বিপদে পড়ে। ১২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৮৫। শেষ ৮ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৫৫ রান। দায়িত্ব নিয়ে দারুণ ব্যাটিং করে জয়ের বাকি কাজ সারেন শারমীন আক্তার ও স্বর্ণা আক্তার। ৩২ বলে ৪ বাউন্ডারিতে ৩৭ রান করেন শারমীন। স্বর্ণা ১৭ বলে ১৮ রান করেন ১ বাউন্ডারিতে।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক বাবেত্তে ডি লিডের ফিফটিতে লড়াকু সংগ্রহ পায় নেদারল্যান্ডস। ৪৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫০ রান করেন। যা টি-টোয়েন্টিতে তার অষ্টম ফিফটি। এছাড়া বিশের ঘর পেরোতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন হিথার সিয়েগার্স। ১৩ রানের দুইটি ইনিংস আসে রবিন রিজকে ও ইরিস উইলিংয়ের ব্যাট থেকে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা ছিলেন মারুফা আক্তার। ডানহাতি পেসার ৩১ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও রিতু মনি। বাংলাদেশের পরের ম্যাচ ১৭ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে লিডসে।