খেলাধুলা

যে কারণে নেদারল্যান্ডস নয়, জাপান এগিয়ে

বিশ্বকাপে আজকের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ও জাপান। মধ্যরাতে এফ গ্রুপের ম্যাচে ব্লু সামুরাইরা কঠিন পরীক্ষা নিতে যাচ্ছে ডাচদের। এইটুকু পড়ে আপনি নিশ্চিয়ই ভাবছেন কথাটা একদম উল্টো হয়ে গেল! কিন্তু বাস্তবতা হচ্ছে, আপনি ঠিকই পড়েছেন। এই ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে ভার্জিল ফন ডাইকের নেদারল্যান্ডসকে। কিন্তু কেন?

বিশ্বকাপের সবচেয়ে ট্র্যাজিক দল নেদারল্যান্ডস, তিনটি ফাইনাল খেলেও যে সোনালি শিরোপার ছোঁয়া পায়নি তারা। কিন্তু তিনটা ফাইনাল তো খেলেছে কমলা শিবির! এমন এক দলের সামনে জাপান কিভাবে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে! কারণটা আসলে তাদের পারফরম্যান্স। ব্লু সামুরাইরা আজ রাতে কমলাদের পরীক্ষা নেওয়ার আগে, ব্রাজিল, ঘানা, বলেভিয়া, স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং আইসল্যান্ডের বিপক্ষে ৬টি জয় পেয়েছে। এমন দুর্দান্ত প্রস্তুতি নিয়ে আসলেও জাপানের কোচ অবশ্য বেশ সতর্ক!

জাপান কোচ হাজিমে মরিয়াসু অবশ্য বেশ সতর্ক। তিনি আসরে টিকে থাকতে পারলেই খুশি। মরিয়াসুর বলেন "এই পর্যায়ে যেকোন উপায়ে আমাদের টিকে থাকতে হবে। একই সঙ্গে আমি দেখছি, আমাদের গ্রুপটা খুবই কঠিন। মেধাবীদের মধ্যে সেরাদের নিয়ে দল গড়েছে নেদারল্যান্ডস। এই গ্রুপে যে কোনো দলই জিততে পারে।"

ফর্মের তুঙ্গে থাকলেও এবার জাপানকে খেলতে হবে নিয়মিত অধিনায়ক ওয়াতারু এন্দোকে ছাড়া। দলের যার প্রভাব ভীষণ। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার বিশ্বকাপ দলেও ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পায়ের চোটের কারণে তাকে বাদ দিতে বাধ্য হন জাপান কোচ। আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানিয়েছেন এন্দো। ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারের পর টুর্নামেন্টে ফেরার চেষ্টা চালান, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

অন্যদিকে নেদারল্যান্ডসও আছে ছন্দে। কমলাদের সবচেয়ে শক্তিশালী জায়গা তাদের রক্ষণ। ফন ডাইকের সাথে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপানো ফন হ্যাক, ফন ডি ভেন। আছেন নাথান আকে এবং ডেঞ্জেল ডামফ্রিজ। মাঝমাঠে ফ্রেঙ্কি ডি ইয়ং, রায়ান গ্রাভেনবার্খ এবং তাজানি রেইন্ডার্স। সামনে আছে মালেন ও কডি গাকপোর গতি।

দু'দলের সাম্প্রতিক পথচলা বলছে, এটি গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে। নেদারল্যান্ডস প্রমাণ করতে চাইবে তাদের কমলা আভিজাত্য। অন্যদিকে জাপান দেখাতে মরিয়া, তারা আর শুধু চমকপ্রদ এশীয় দল নয়, বিশ্বফুটবলের প্রতিষ্ঠিত শক্তি।

বাংলাদেশ সময় রাত ২টায় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে শুরু হবে লড়াই।