খেলাধুলা

আয়ারল্যান্ডের বিশ্বকাপ দলে ইয়াং-চেইস

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। গ্রুপিংয়ে দলটির অবস্থান ‘বি’ গ্রুপে। ১৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আইরিশদের বিশ্বকাপ মিশন। গ্রুপের অন্য দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত। 

আইসিসির সহযোগী দলগুলোর মধ্যে আয়ারল্যান্ড যথেষ্ট সমীহ করার মতো। ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছে তারা। আয়ারল্যান্ডের বিশ্বকাপের দলে অভিজ্ঞ অনেকে থাকলেও দুজন তরুণ পেসার নেওয়া হয়েছে। তার হলেন ক্রেইগ ইয়াং ও পিটার চেইস। দলের নেতৃত্বে থাকছেন উইলিয়াম পোর্টফিল্ড। যিনি তৃতীয়বারের মতো বিশ্বকাপে আইরিশ দলের প্রতিনিধিত্ব করবেন।

আরব আমিরাত সফরে পারফরম্যান্সের ভিত্তিতে দল ঘোষণা করেছে আইরিশ ক্রিকেট বোর্ড।

আয়ারল্যান্ডের চূড়ান্ত দল : উইলিয়াম পোর্টফিল্ড, অ্যান্ড্রু বালব্রিন, পিটার চেইস, অ্যালেক্স কুসাক, জর্জ ডকরেল, এড জয়সে, অ্যান্ড্রু ম্যাকব্রিন, জন মুনেই, টিম মুরতাগ, কেভিন ও’ব্রেইন, নেইল ও’ব্রেইন, পল স্টারলিং, স্টুয়ার্ট থম্পসন, গেরি উইলসন (উইকেটরক্ষক), ক্রেইগ ইয়াং।

   

রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৫/খাদেমুল/নেছার