ক্রীড়া ডেস্ক : ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) বিচারে ২০১৪ সালের সবচেয়ে সেরা লিগের মর্যাদা পেয়েছে স্প্যানিশ লা লিগা। এর আগের বছরও লা লিগা বিশ্বের সেরা লিগের মর্যাদা পেয়েছিল। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ ছাড়া ২০০০, ২০০১, ২০০২ ও ২০০৪ সালে সেরা লিগ হওয়ার গৌরব অর্জন করেছিল লা লিগা।
১ হাজার ২৫৯ পয়েন্ট নিয়ে লা লিগার অবস্থান বিশ্বের সব লিগের শীর্ষে। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালিয়ান সিরি’আ লিগ। তাদের পয়েন্ট ৯৯৮। ৯৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ।
৯৩৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার লিগ হয়েছে চতুর্থ, ৯১২ পয়েন্ট নিয়ে জার্মান বুন্দেসলিগা হয়েছে পঞ্চম। আর ৮৯৩ পয়েন্ট নিয়ে ব্রাজিলের লিগ রয়েছে ষষ্ঠ স্থানে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের অবস্থান সপ্তম। তাদের পয়েন্ট ৮৭১।
প্রথম সাতটি লিগের অবস্থান ২০১৩ সালে যেমনটি ছিল ২০১৪ সালেও ঠিক একই রকম রয়েছে। আইএফএফএইচএসের মতে লা লিগা কেবল তাদের লিগের প্রতিদ্বন্দ্বিতার কারণেই সেরা হয়নি। তার সঙ্গে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা ও সেভিয়ার আন্তর্জাতিক অঙ্গনের পারফরম্যান্সও বিবেচনা করা হয়েছে।
এদিকে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তিকে বর্ষসেরা কোচ নির্বাচন করেছে আইএফএফএইচএস। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দিয়েগো সিমিওনি। আর তৃতীয় হয়েছেন পেপ গার্দিওলা।
রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৫/আমিনুল/নেছার