নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র আপিল বিভাগও খারিজ করে দিয়েছেন। আর এর মধ্য দিয়ে এ নির্বাচনে তার প্রার্থিতার সুযোগ পুরোপুরি বিলোপ হলো।
অন্যদিকে, মিন্টুর প্রার্থিতা বাতিল হওয়ায় উত্তরের নির্বাচনে মনস্তাত্ত্বিক জয় পেলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই এগিয়ে গেলেন আওয়ামী লীগের এই প্রাথী।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ মিন্টুর আপিল আবেদনে কোনো আদেশ না দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে আজ সকাল থেকেই নানা হিসাব-নিকাশে ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র প্রাক্তন সভাপতি এ দুই হেভিওয়েট প্রার্থী। মিন্টুর মনোনয়নপত্র বৈধতা পেলে তা আনিসুল হকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো। উত্তরের মেয়র পদ পাওয়ার আশা বিএনপির জন্যে আরো দৃঢ় হতো। কিন্তু আদালতের রায়ে আকাশ ভেঙে পড়েছে বিএনপির মাথায়। এ বিষয়টা এখন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যে, বিএনপি এখন উত্তরে অন্য কাউকে সমর্থন দিলেও তাতে দল হিসেবে বিএনপির ততটা লাভ হবে না। মেয়র পদে তাদের সমর্থিত অন্য কোন প্রার্থীর জয়লাভের সম্ভাবনা কম। এমনকি, আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথকে বেগম খালেদা জিয়া মাঠে থাকার নির্দেশ দিলেও নিরাশার ঘোর কাটছে না।
এদিকে সকাল থেকে নির্বাচনী প্রচারণায় না বেরিয়ে আদলতের রায়ের দিকে তাকিয়ে ছিলেন আনিসুল হক। সেলফোন একের পর এক বেজে চললেও ধরেননি তিনি। উত্তরে আওয়ামী লীগের নির্বাচনী সমন্বয়ক সংসদ সদস্য ফারুক খানের মোবাইলফোনও বেশিরভাগ সময় ব্যস্ত পাওয়া গেছে।
মিন্টুর প্রার্থিতা বাতিল হওয়ার পর নির্বাচনের নয়া মেরুকরণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আনিসুল হক। তবে তিনি বলেছেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়াটাই স্বাভাবিক। কে প্রাথী থাকল, আর কে না থাকল- সেটা কোনো বিষয় নয়।’
এ সময় উত্তর মহানগরের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আনিসুল।
ওদিকে মিন্টুর প্রার্থীতা বাতিল হওয়ার পর জনৈক স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান বিএনপির সমর্থন চেয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ আবেদন জানান।
অন্যদিকে বিকল্প ধারার প্রার্থী মাহি বি চৌধুরীও বিএনপির সমর্থন লাভের চেষ্টা চালাচ্ছেন।
এই মুহূর্তে বিএনপির প্রার্থী মিন্টুর ছেলে তাবিথ আউয়াল হলেও আনিসুল হকের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতার দূরত্বটা বেশ বেড়েই গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনেকটা ফুরফুরে মেজাজেই আনিসুল হক বিকেলে উত্তরায় নির্বাচনী প্রচারণা চালাবেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রাইজিংবিডি/ঢাকা/৯ এপ্রিল ২০১৫/নাগ/সুমন