নির্বাচন

মিরপুর থেকে আনিসুলের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক মিরপুর এলাকায় গণসংযোগ শুরু করেছেন।

 

শনিবার সকাল ৯টা থেকে তিনি এ কর্মসূচি শুরু করেন।

 

প্রথমে যান মিরপুর-১২ মোল্লা মার্কেট এলাকায়। ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা এখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। মোল্লা মার্কেটের সামনে বসে ইলিয়াছ মোল্লাহ ও আনিসুল হক নির্বাচনী প্রচারণার কৌশল ঠিক করেন। মিরপুর এলাকায় নির্বাচনী পোস্টার চোখে না পড়ায় আনিসুল হক স্থানীয় সংসদ সদস্যসহ উপস্থিত নেতা-কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করেন।

 

তিনি বলেন, সবাই মিলে কাজ করলে আমাদের সুবিধা হবে। আমাদের প্রতিপক্ষ কিন্তু বসে নেই। মোল্লা মার্কেট থেকে ভেতরে আলব্দী গ্রামের দিকে যেতেই উৎসুক জনতা তাকে গোলাপের পাপড়ি ছিটিয়ে অভিনন্দন জানান। প্রায় এক কিলোমিটার এলাকায় জনতা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে আনিসুল হকের উপর গোলাপের পাপড়ি ছিঁটাতে থাকেন।

 

এ সময় আনিসুল হক আওয়ামী লীগ নেতা-কর্মীদের বলেন, পাপড়িতে খুশি হবো না, ভোট চাই।

 

আনিসুল হক মিরপুর এলাকায় প্রচারণা শেষ যাবেন গুলশান নিকেতন এলাকায় গণসংযোগ করতে। এ ছাড়া সচেতন শিল্পী সমাজের সঙ্গে ‘ক্লিন ঢাকা’ শীর্ষক ক্যাম্পেইনে যোগ দেবেন। এরপর বিকেল থেকে রাত ৮ টা পযর্ন্ত গাবতলী এলাকায় গণসংযোগ  করবেন তিনি।

       

রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৫/মেহেদী/ইভা