বার্মিংহাম থেকে ক্রীড়া প্রতিবেদক : পাঁচদিনের ছুটি কাটিয়ে আজ থেকে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা।
শুক্রবার রাত থেকে হোটেলে ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। গতকাল রাতে সবাই যোগ দিয়েছেন। রাতে একটা টিম মিটিংও হয়েছে। তাতে উপস্থিত ছিলেন সবাই। মাশরাফি শুক্রবারই চলে আসেন। সাকিব চেক-ইন করেছেন গতকাল। বাকিরাও ঠিক সময়ে ফিরেছেন ।
লম্বা বিরতিতে সবাই যার যার মতো করে ছুটে বেড়ালেও মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন হোটেল বন্দী। কাফ মাসলে চোট পাওয়া এ ক্রিকেটার পাঁচদিন ছিলেন বিশ্রামে। হোটেল থেকে বের হয়েছেন গোটা কয়েকবার। শুক্রবার জুমাআর নামাজের সময় ক্র্যাচ ছাড়া হাঁটতে দেখা গেছে তাকে। সেদিন রাতে টিম হোটেলেও তাকে দেখা গেছে ক্র্যাচ ছাড়া। কথোপকথনে তিনি জানিয়েছেন, বার্মিংহামে আসার একদিন পর থেকে ক্র্যাচ ছাড়া হাঁটছেন।
আরেকটি সুখবরও অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমিদের জন্য। আজ থেকে শুরু হওয়া অনুশীলনে থাকবেন এ ক্রিকেটার। শুক্রবার রাতেই সেই খবর রাইজিংবিডিকে নিশ্চিত করেন মাহমুদউল্লাহ।
আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে চোট পাওয়ার পর মাহমুদউল্লাহ যে সাহস ও প্রতিশ্রুত দেখিয়েছেন তাতে মন জয় করেছে সবার। খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিয়েছেন। কখনো সিঙ্গেল, কখনো ডাবলস। লং বাউন্ডারিতে দৌড়ে তিন রান নিতেও কার্পণ্য করেননি। তার ২৭ রানের ইনিংসটি বাংলাদেশের বড় পুঁজি পেতে অবদান রেখেছে, ম্যাচ শেষে বলেছেন সাকিব।
ভারত ও ইংল্যান্ডের ম্যাচ হবে এজবাস্টনে। এজবাস্টনের প্র্যাকটিস এরিয়াতে আজ অনুশীলন করবে বাংলাদেশ। দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের।
রাইজিংবিডি/বার্মিংহাম/৩০ জুন ২০১৯/ইয়াসিন/আমিনুল