বার্মিংহাম থেকে ক্রীড়া প্রতিবেদক: ভারতের বিপক্ষে নিজের সর্বোচ্চটা দিতে মুখিয়ে বাংলাদেশ। তবে তিনটি বিষয় ভাবাচ্ছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
এজবাস্টনের সীমানা, উইকেট এবং টস। এ তিন বিষয় নিয়ে বাংলাদেশ শিবির রয়েছে গভীর চিন্তায়। ভারত ও ইংল্যান্ড যে উইকেটে খেলেছে সেই উইকেটে হবে ভারত ও বাংলাদেশের ম্যাচ। ব্যবহৃত উইকেটে খেলায় উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে ভারত।
এর ওপরে যে উইকেটে খেলা হবে তার একপাশের সীমানা বেশ ছোট। দুইয়ে মিলিয়ে টস হয়ে উঠেছে মহাগুরুত্বপূর্ণ। ভারত ও ইংল্যান্ডের উইকেট প্রথম ইনিংসে ছিল ব্যাটিং বান্ধব। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি উইয়ন মরগান। বল সহজেই ব্যাটে আসছিল। ভারতীয় বোলারদের দিব্যি পিটিয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে ভারতীয় ইনিংসে ২২ গজ ভিন্ন আচরণ করছিল। বল স্লো হয়ে যাচ্ছিল।
ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়েছিল শট খেলতে। ইংল্যান্ডের ইনিংসে যেখানে ছক্কা হয়েছিল ১৩টি, সেখানে ভারতীয় ইনিংসে ছয় হয়েছে মাত্র একটি। এজবাস্টনের একপাশের সীমানা ছিল ৫৯ মিটার। আরেক পাশে ৮২ মিটার। ভারতীয় দুই স্পিনার পুড়েছেন ব্যাটসম্যানদের আগুনে ব্যাটিংয়ে। লেগ স্পিনার চাহাল ছয়টি এবং কুলদ্বীপ যাদব তিনটি ছক্কা হজম করেন। সীমানা ছোট হওয়াতে ইংলিশ ব্যাটসম্যানরা পেয়েছিল বাড়তি সুবিধা।
বাংলাদেশের একাদশে নিয়মিত তিন স্পিনার খেলে আসছে। সাকিবের সঙ্গে আছেন মিরাজ ও মোসাদ্দেক। স্পিনারদের নিয়ে মাশরাফির ভাবনা,‘সীমানা ছোট হওয়াতে দুই পাশ থেকে স্পিনার চালানো কঠিন। তাই বৈচিত্র্য নিয়ে আমাদের আগাতে হবে। ব্যাটসম্যানরা স্বাভাবিকভাবেই সেই পাশটাকে টার্গেট করে খেলবে।’ আর উইকেট নিয়ে বলেছেন,‘আমরা দুই দল একই উইকেটে খেলব। যেহেতু ব্যবহৃত উইকেটে খেলব দুই দল একই সুবিধা পাবে। আগে ব্যাটিং করলে অবশ্যই বড় স্কোর গড়তে হবে। ’
সীমানা ও উইকেট ভাবনায় টস নিয়ে উদ্বিগ্ন মাশরাফি। টস জিতলে আগে ব্যাটিংয়ের ইচ্ছা তার। কারণ ব্যবহৃত উইকেটে ‘চতুর্থ ইনিংস’ খেলা কঠিন। বলে বাড়তি টার্ণ পেলে ভারতীয় দুই রিস্ট স্পিনার সাপেবর হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। তাই এজবাস্টনে টস ভারত ও বাংলাদেশের লড়াইয়ের বড় নিয়ামক হয়ে উঠবে।
রাইজিংবিডি/বার্মিংহাম/২ জুলাই ২০১৯/ইয়াসিন/শামীম