ইয়াসিন হাসান ইংল্যান্ড থেকে

‘হিরো হওয়ার’ স্বপ্ন দেখছিলেন সাইফউদ্দিন

বার্মিংহাম থেকে ক্রীড়া প্রতিবেদক: জসপ্রিত বুমরাহর ইয়র্কার সামলাতে পারলেন না মুস্তাফিজুর রহমান।

এজবাস্টনের পুরো গ্যালারি উল্লাসে মেতে উঠল। বাংলাদেশের স্বপ্ন গুঁড়িয়ে ভারত গেল বিশ্বকাপের সেমিফাইনালে। অপরপ্রান্তে দাঁড়িয়ে সাইফউদ্দিন। ৩৮ বলে ৫১ রানে অপরাজিত। এক বল আগে হাফ সেঞ্চুরি তুলে ভারতের দেওয়া ৩১৫ রানের টার্গেটে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন তিনি।

সপ্তম উইকেটে সাব্বিরকে নিয়ে গড়েছিলেন ৬৬ রানের জুটি। তাদের ব্যাটে শেষ আশা করছিল বাংলাদেশ। সাব্বির হাল ছেড়ে দিলেও সাইফউদ্দিন লড়াই করেছিলেন শেষ পর্যন্ত। সঙ্গীর অভাবে পারেননি দলকে জেতাতে। কিন্তু শেষ অবধি লড়াইয়ের চিন্তা ছিল তার। 

‘অবশ্যই খারাপ লাগার মতো একটা দিন আজ। আমরা টুর্নামেন্ট থেকে বের হয়ে গেছি। চেষ্টা ছিল ম্যাচ জেতানোর। এরকম একটা সুযোগের জন্য সব সময় অপেক্ষায় ছিলাম। ইচ্ছা ছিল হিরো হওয়ার। আমার ব্যাটে-বলে হচ্ছিল। আমার আত্মবিশ্বাস ছিল যে আমি আজ পারবো। দূর্ভাগ্যবশত হয়নি। খারাপ দিন ছাড়া কিছুই না।’

‘আমার চেষ্টা ছিল। হয়তো আন্তর্জাতিক ম্যাচে এরকম ম্যাচ আগে জিতাইনি। কিন্তু যুব দলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এরকম ম্যাচ জিতিয়েছিলাম বাংলাদেশকে। ওই দিনটার কথা স্মরণ করছিলাম বারবার। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো, নিজেকে নিজে বলছিলাম।’ – মিক্সড জোনে এসে বলছিলেন সাইফউদ্দিন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পিঠের ইনজুরিতে খেলা হয়নি সাইফউদ্দিনের। কিন্তু গণমাধ্যমে আসে, বড় দলের বিপক্ষে ‘ভয়ে’ খেলতে চান না সাইফউদ্দিন। তাই ইনজুরির অজুহাত তৈরি করেছিলেন নিজ থেকে! এমন খবর টিম ম্যানেজম্যান্ট উড়িয়ে দিয়েছিল কয়েকদিন পরই।

সেই থেকে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ নিয়েছিলেন এ অলরাউন্ডার। জবাব দেওয়ার সুযোগ খুঁজচ্ছিলেন। ম্যাচ শেষে আক্ষেপ নিয়ে সেই কথাই বলছিলেন ফেনীর এ ক্রিকেটার।

‘কিছুদিন আগে আমাকে নিয়ে একটা ‘‘বাজে খবর’’ ছাপা হয়েছিল, আমি বড় ম্যাচের আগে ভয় পেয়ে ইনজুরির অজুহাতে সরে গিয়েছি! আমার খুব খারাপ লেগেছিল। তখন থেকে আমার পরিকল্পনায় ছিল যে, আমি বড় দলের বিপক্ষে ম্যাচ জিতিয়ে হিরো হবো। ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম বল থেকে শেষ পর্যন্ত আমার ইচ্ছা ছিল ম্যাচ জেতানোর। আমার নামে যেসব কথা উঠছিল আমি যেন সেগুলোকে ভুল প্রমাণ করতে পারি এজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা ছিল। খেলোয়াড়দের মাঠে জবাব দিতে হয়। মাঠেই আমরা চেষ্টা করি নিজেদের জবাবটা দেওয়ার।’- মাঠেই সেই জবাবটা যেন দিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।

নিজের প্রথম বিশ্বকাপে ৬ ম্যাচে ব্যাট হাতে ৮৭ রান ও বোলিংয়ে ১০ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। নিজের পারফরম্যান্স নিয়ে তেমন একটা উদ্বিগ্ন নন তিনি। বাংলাদেশকে সেমিফাইনালে না নিয়ে যেতে পারাই সবথেকে বড় কষ্ট তার।

 

রাইজিংবিডি/বার্মিংহাম/৩ জুলাই ২০১৯/ইয়াসিন