মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, আটক ৫
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুর সদর থানার সামনে মোতায়েন পুলিশ সদস্যরা।
মাদারীপুর সদর থানায় আনা দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) রাতে মাদারীপুর শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে শহরের বাদামতলা এলাকার সবুজ ও নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, সবুজ একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ চৌকিদারকে গ্রেপ্তারের কারণ জানতে চেয়ে স্থানীয় কয়েকজন তার বিরুদ্ধে থাকা ওয়ারেন্ট দেখতে চান। এ নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গ্রেপ্তার দুজনকে সদর থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নেওয়ার সময় ও পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন- শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আবির ঢালী (১৯), আজিম ঢালী (১৮) এবং সাহেব বেপারী (১৭)। তাদের সবার বাড়ি নতুন মাদারীপুর এলাকায়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে, গ্রেপ্তার দুই ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে তাদের স্বজন ও সমর্থকদের একটি অংশ সদর থানার সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানাকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরিফ ও সবুজ নামে দুজনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরো পাঁচজনকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
ঢাকা/বেলাল/মাসুদ