রংপুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৪ মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার দুই আসামি।
রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পানে চারজনের মৃত্যুর ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার রাতে ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ কোমরপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলাম (৪০)।
মামলার বরাত দিয়ে র্যাব-১৩ এর কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, রফিকুল ও শফিকুলের সঙ্গে মাদক বিক্রয় করা নিয়ে সাজু মিয়ার পূর্ব শত্রুতা ছিল। এরই জেরে গত ৩০ মে রাত সাড়ে ১১টায় আসামি রফিকুল কৌশলে সাজু ও তার তিন বন্ধুকে নিজের মাল্টা বাগানে নিয়ে মাত্রাতিরিক্ত বিষাক্ত মদপান করান। এরপর নিজ নিজ বাড়িতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন ১ জুন সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজু ও তার তিন বন্ধু মারা যান। এ ঘটনায় ২ জুন মিঠাপুকুর থানায় মারা যাওয়া সাজু মিয়ার ভাগ্নে জাহেদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
ওই ঘটনায় মারা যাওয়ারা হলেন- উপজেলার বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫), একই গ্রামের এরশাদ আলী (৪০), সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫), ও সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০)।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, “গ্রেপ্তারকৃতদের মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব সজাগ রয়েছে।”
ঢাকা/আমিরুল/মাসুদ