ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ-হত্যা 

অভিযুক্তের বাড়িতে লাগানো আগুনে দগ্ধ ৩ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৯ জুন ২০২৬   আপডেট: ১৬:৩০, ৯ জুন ২০২৬
অভিযুক্তের বাড়িতে লাগানো আগুনে দগ্ধ ৩ জনের মৃত্যু

পূর্ব রাঘবপুর গ্রামে অভিযুক্ত নাইমের বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা

পাবনা সদর উপজেলায় নবম শ্রেণীর ছাত্রী রিয়া খাতুনকে ধর্ষণ ও হত্যার জের ধরে আসামিদের বাড়িতে দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুইজনের মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জুন) বিকেলে একই হাসপাতালে একজনের মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে এ সব তথ্য জানান। তিনি জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল (সোমবার) একজন এবং আজকে (মঙ্গলবার) দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পাশের নতুনপাড়া গ্রামের শুকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু। 

নিহত রিয়া পূর্ব রাঘবপুর গ্রামের আজিজল প্রামাণিকের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) বিকেলে পাবনার ভাড়ারা এলাকার পদ্মা নদীতে রিয়া খাতুনের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। পর দিন তার মরদেহ দাফন করা হয়। দাফন শেষে উত্তেজিত জনতা অভিযুক্ত নাইমের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের সময় অভিযুক্ত পক্ষের কেউ বাড়িতে ছিলেন না। দগ্ধরা সবাই প্রতিবেশী ও আশপাশের মানুষ এবং উৎসুক জনতা।

ওসি তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পীরপুরে পদ্মা নদীতে রিয়া খাতুনের (১৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই খালিদ হাসান বাদী হয়ে বৃহস্পতিবার (৪ জুন) তিনজনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
 
পরে পুলিশ রিয়ার কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তরা রিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। 

ধর্ষণ ও হত্যায় অভিযুক্তরা হলেন, মৃত কাশেম প্রামাণিকের ছেলে নাইম প্রামাণিক (২২), শফিক শেখের ছেলে ইয়াছিন শেখ (২১) ও শিমুল প্রামাণিকের ছেলে তুহিন প্রামাণিক (২০)। 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়