স্থানীয়দের প্রতিরোধে পিস্তল-গুলি রেখে পালালো সন্ত্রাসী
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে এসে স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়েছেন তুহিন নামে এক ব্যক্তি। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ বাজার থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে বেতুয়াবাগ বাজারে বাবুলের দোকানের সামনে স্থানীয় জাহাঙ্গীর ও হান্নানকে গুলি করার উদ্দেশ্যে আসে অস্ত্রধারী সন্ত্রাসী তুহিন। বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন তুহিনকে আটকের চেষ্টা করলে তার সঙ্গে লোকজনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে অস্ত্র রেখে দৌড়ে পালিয়ে যায় তুহিন। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, বিরোধের জের ধরে সন্ত্রাসী তুহিন স্থানীয় জাহাঙ্গীর ও হান্নানকে আঘাতের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে বেতুয়াবাগ বাজারে আসে। স্থানীয়দের তোপের মুখে তুহিন পালাতে বাধ্য হয়েছে। তাকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে পাওয়া অস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলমান রয়েছে।
ঢাকা/সুজন/বকুল
২১ বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়, অস্ট্রেলিয়াকে হারাল ৮৬ রানে