চবিতে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ
চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন দুই উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আল আমীন এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সফিকুল ইসলাম।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৪(১) অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ আল আমীনকে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) এবং অধ্যাপক মো. সফিকুল ইসলামকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তারা যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সে সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ সময় তারা নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতাও তারা প্রয়োগ করবেন। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক মোহাম্মদ আল আমীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ ইনস্টিটিউটের অধ্যাপক এবং অধ্যাপক মো. সফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক। বর্তমানে তিনি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন।
ঢাকা/মিজানুর/জান্নাত