ঢাকা     রোববার   ২৪ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১০ ১৪৩৩ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাবির বাস: ‘বিয়ের’ আয়োজনে অনুমতি মিললেও শিক্ষার্থীদের ঈদযাত্রায় অনাগ্রহ

ফাহমিদুর রহমান ফাহিম, রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ২২ মে ২০২৬   আপডেট: ১৯:১০, ২২ মে ২০২৬
রাবির বাস: ‘বিয়ের’ আয়োজনে অনুমতি মিললেও শিক্ষার্থীদের ঈদযাত্রায় অনাগ্রহ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক বাড়ি ফেরা নিশ্চিত করতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাসসেবা চালু হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এতে প্রশাসন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভূমিকা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন গ্রুপে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা করছেন রাবির শিক্ষার্থীরা। তাদের দাবি, হাজারো শিক্ষার্থীর নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে প্রশাসন ও রাকসুর আরো আন্তরিক এবং শিক্ষার্থীবান্ধব ভূমিকা প্রত্যাশিত ছিল।

আরো পড়ুন:

শিক্ষার্থীরা বলছেন, প্রতিদিন সীমিত পরিসরে চলাচল করা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের জন্য ব্যবহার না করাটা প্রশাসন ও রাকসুর উদাসীনতার বহিঃপ্রকাশ। অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে প্রশাসন ও ছাত্রসংসদের সমন্বিত উদ্যোগ প্রশংসিত হলেও রাবিতে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন।

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ঈদযাত্রায় শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছাতে বিশেষ বাসসেবা চালু করেছে। অথচ দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো বিশেষ ট্রিপ বা অতিরিক্ত বাসের ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা ছাত্রসংসদ।

রাবি শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, “রাবির বাসগুলো বিয়ের অনুষ্ঠানের জন্য অনুমোদন পেলেও শিক্ষার্থীদের নিরাপদ ঈদযাত্রার জন্য অনুমোদন দিতে প্রশাসনের হাতে ফোসকা পড়ে। রাকসু আন্দোলন করে আদায় করে নেওয়া হয়েছে এ উদ্দেশ্যে যে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং যৌক্তিক অধিকার আদায়ের শক্তিশালী হাতিয়ার হবে। জকসু শিক্ষার্থীদের সুবিধায় বিভাগীয় শহরে বাস প্রেরণের ব্যবস্থা করতে পারাটা ইতিবাচক, আর রাকসুর সেটা করতে না পারা ব্যর্থতা। এখানে আমি বা অন্য কেউ রাকসুতে থাকলেও এটা করতে না পারলে সেটাও ব্যর্থতা হতো।”

আরেক শিক্ষার্থী আওয়াল রাসেল বলেন, “এ দাবি পূরণে খুব বেশি বেগ পেতে হতো না রাবি প্রশাসন বা রাকসুর। চাইলেই সম্ভব ছিল। এমনিতেই রাবির বাস দুই পা দূরত্বেই চলে, তাও আবার ট্রিপ সংখ্যা কম। সাধারণ দিনগুলোতে জবির বাস বহু দূর পর্যন্ত যাতায়াত করে। রাবির বাসগুলো যেন শুধু দেখানোর জন্য, আর চালকদের আরামের জন্য সব ব্যবস্থা।”

রাবি শিক্ষার্থী রকিব রাফসান বলেন, “রাকসু ব্যস্ত নারী মেলা, কাওয়ালি আর গান-গজল নিয়ে; আর রাবি প্রশাসন ব্যস্ত পোষ্য কোটা নিয়ে। রাবি দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হতে পারে, কিন্তু শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার দিক থেকে গুচ্ছভুক্ত অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়েও পিছিয়ে।”

এ বিষয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দীন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “রাকসুর পক্ষ থেকে পরিবহন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, যাতে বিভাগীয় শহরগুলোতে বাসের ট্রিপ দেওয়া হয়। পরিবহন দপ্তর থেকে জানানো হয়, রাজশাহীর বাইরে বাস চলাচলের অনুমতি কেবল ভিসি স্যার দিতে পারেন। যেহেতু ভিসি স্যার পাকিস্তান সফরে আছেন, তাই এক্টিং ভিসি হিসেবে প্রো-ভিসি (প্রশাসন) স্যারের কাছে অনুমতির আবেদন করা হয়। তবে সাবেক প্রো-ভিসি জানান, বিভাগের বাইরে বাস চলাচল কেবল ভিসি স্যারের এখতিয়ারভুক্ত। ভিসি স্যারের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করা হলেও তাকে পাওয়া সম্ভব হয়নি।”

তিনি আরো বলেন, “আমরা এমন প্রস্তাবও দিয়েছিলাম যে জ্বালানি খরচ বাবদ যা ব্যয় হবে, সেটাও রাকসু বহন করবে। এরপরও অনুমতি পাওয়া যায়নি। প্রশাসনিক জটিলতায় রাকসুর এই উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম দেশের বাইরে অবস্থান করায় তার সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

তবে, সদ্য নিয়োগ পাওয়া উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। ভিসি স্যার দেশের বাইরে থাকায় তার সঙ্গে এ বিষয়ে কথা হয়নি। আমি যেহেতু মাত্র কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি, তাই এখনো তার সঙ্গে দেখাও হয়নি। তিনি দেশে ফিরলে হয়তো বিষয়টি বলতে পারবেন।”

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়