ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেরোবিতে এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করলেন কর্মকর্তারা

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ৯ জুন ২০২৬  
বেরোবিতে এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করলেন কর্মকর্তারা

পদোন্নতি ও আপগ্রেডেশন-সংক্রান্ত বৈষম্যের অভিযোগে চলমান কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান আন্দোলনরত কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আনোয়ার হোসেন বলেন, “আজ আমরা রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছি। প্রশাসন আন্তরিকতার সঙ্গে আমাদের জানিয়েছে, অতি দ্রুত আপগ্রেডেশনের বিষয়টি সুরাহা করা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ঘোষিত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি আজ থেকে স্থগিত করব।”

তিনি আরো বলেন, “আমরা এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করছি। যদি দেখি এই সময়ের মধ্যে সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আমরা বসে পরবর্তী কর্মপদ্ধতি নির্ধারণ করব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. হাসিবুল আহসান, ফজলুল হক, মো. মমিনুল ইসলাম ও শাপলা রানী সরকার; সহকারী প্রকৌশলী মো. আহসানুল হাবিব এবং সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. মনজুরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

প্রসঙ্গত, পদোন্নতি ও আপগ্রেডেশন-সংক্রান্ত বৈষম্য নিরসনের দাবিতে গত ২১ মে প্রথম দফায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। ঈদের ছুটির পরও ৭, ৮ ও ৯ জুন কর্মসূচি অব্যাহত ছিল। প্রশাসনের আশ্বাসের পর আপাতত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ঢাকা/সাজ্জাদ/জান্নাত‎

সর্বশেষ

পাঠকপ্রিয়