বিতর্কের মুখে মুছে ফেলা হলো জাহ্নবীর যৌন আবেদনময়ী দৃশ্যগুলো
‘পেদ্দি’ সিনেমার দৃশ্যে জাহ্নবী কাপুর
বিতর্কের মুখে জাহ্নবী কাপুরের অতিরিক্ত যৌন আবেদনময়ী দৃশ্যগুলো ‘পেদ্দি’ সিনেমা থেকে মুছে ফেলা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক বুচি বাবু সানা।
‘পেদ্দি’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। তার চরিত্রের নাম—‘আচিয়ামা’। চরিত্রটি কীভাবে লেখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শক এবং নারীর অধিকারকর্মী সংগঠনগুলো। বিশেষ করে চলচ্চিত্রটির রোমান্স ট্র্যাককে ঘিরে সমালোচনা চলছে। পরে নির্মাতা বুচি বাবু সানা ঘোষণা দেন, নারীদের প্রতি অসম্মানজনক বলে বিবেচিত দৃশ্যগুলো চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হবে। তারপরও সময়ের সঙ্গে বিতর্ক বাড়তে থাকে। এরপর প্রকাশ্যে ক্ষমা চান বুচি বাবু সানা। পাশাপাশি সংশ্লিষ্ট দৃশ্যগুলো চলচ্চিত্র থেকে মুছে ফেলার কথাও জানান তিনি।
বুচি বাবু সানা বলেন, “অনেকেই জাহ্নবী কাপুরের চরিত্রের ট্র্যাকটিকে সিনেমার গল্পে ‘অপ্রয়োজনীয়’ বলে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। আমার আগের সিনেমার তুলনায় ‘পেদ্দি’-তে ইচ্ছাকৃতভাবেই ভিন্ন ধরনের উপস্থাপনার সিদ্ধান্ত নিয়েছিলাম। রাম চরণের চরিত্র—‘পেদ্দি’ এবং তার পরিবর্তন ও বিকাশ দেখানোর জন্য জাহ্নবীর চরিত্রটি গুরুত্বপূর্ণ ছিল।”
রাম চরণের চরিত্রটি ব্যাখ্যা করে বুচি বাবু সানা বলেন, “এই সিনেমায় আমি একটু বেশি সাহসী পন্থা বেছে নিয়েছি। কারণ ‘পেদ্দি’ প্রত্যন্ত এলাকার একজন মানুষ; পাহাড় থেকে অনেক দূরের একটি গ্রামে সে বসবাস করত। তার রুক্ষ ও অপরিণত স্বভাবটি দেখিয়ে গল্পের শেষে তা সংশোধন করতে চেয়েছিলাম, যাতে বোঝা যায় যে, পরিবেশ ও তার বেড়ে ওঠার কারণেই সে এমন। সে এমন একজন নারীকে বিয়ে করতে চায়, যাকে সে ভালোবাসে।”
ভুল স্বীকার করে বুচি বাবু সানা বলেন, “এই প্রক্রিয়ায় কয়েকটি শট বিভ্রান্তিকর হয়ে যায়; আমরা তা সংশোধনের ব্যবস্থা করেছি এবং সেগুলো সরিয়ে ফেলেছি।”
সমালোচিত দৃশ্যগুলোর মধ্যে একটিতে জাহ্নবী কাপুরকে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেখানে ক্যামেরা তার মুখের চেয়ে শরীরের অন্যান্য অংশের ওপর বেশি ফোকাস করা হয়েছে। আরেকটি দৃশ্যে দেখা যায়, রাম চরণের চরিত্র ‘পেদ্দি’ তার সম্মতি ছাড়াই তাকে চুম্বন করছে। পাশাপাশি বলছে, শারীরিক ঘনিষ্ঠতা ছাড়া সে ভালোবাসা প্রকাশ করার অন্য কোনো উপায় জানে না।
আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেদ্দি’ সিনেমার কাহিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের একত্রিত করেন তিনি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।
২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ। গত ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর বিতর্ক মাথায় নিয়েই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
ঢাকা/শান্ত