ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ৯ জুন ২০২৬  
দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’: ট্রাম্প

আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় ঘোষণা করবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক ভয়াবহ সংঘাত থামার কয়েক ঘণ্টার মাথায় তিনি এই মন্তব্য করলেন। 

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক টেলি-র‍্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বলেন, “আমরা খুব শক্তিশালী একটি দল হিসেবে কাজ করছি। আমি মনে করি, আমরা এই যুদ্ধে জিতছি। আগামী দুই সপ্তাহের মধ্যেই আপনারা আসল জয় দেখতে পাবেন যখন আমরা ‘পূর্ণ বিজয়’ ঘোষণা করব। এর ফলে তেলের দাম নাটকীয়ভাবে কমে আসবে।”

চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও রবিবার (৭ জুন) ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালালে আঞ্চলিক উত্তেজনা চরমে ওঠে। এই পদক্ষেপের জবাবে ইরান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে ইসরায়েলও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা শুরু করে।

সোমবার বিকেলে ইরান ইসরায়েলের ওপর হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে একই সঙ্গে তারা সতর্ক করে জানায়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে ‘বিধ্বংসী’ জবাব দেওয়া হবে। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তেহরানের প্রতিক্রিয়া থেকে ইসরায়েল ও তার মিত্রদের ‘শিক্ষা নেওয়া উচিত ছিল’।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প সোমবার সকালেই তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। 

একই দিন সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে লড়াই ‘এ মুহূর্তের জন্য’ বন্ধ রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের ওপর আবার হামলা হলে তারাও জবাব দেবে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়