ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জেলায়-জেলায় করোনার নমুনা পরীক্ষার সুযোগ থাকবে: সেতুমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
 জেলায়-জেলায় করোনার নমুনা পরীক্ষার সুযোগ থাকবে: সেতুমন্ত্রী

করোনার নমুনা পরীক্ষায় চিকিৎসা সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় করোনার নমুনা পরীক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে।’ বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘নমুনা গ্রহণ ও ফল দেওয়ায় দেরি হওয়ার কারণে অনেক রোগী ও আত্মীয়-স্বজনের যেমনি উদ্বেগ বাড়ছে, তেমনি মনোবল হারানোরও পরিস্থিতি তৈরি হচ্ছে। কিছু হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক পরীক্ষা-নিরীক্ষা দিয়ে রোগীদের ভোগান্তি বাড়ানোর অভিযোগ রয়েছে। এই দুর্যোগকালে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।’

ওবায়দুল কাদের  বলেন, ‘এই সংকটকালে সরকার কোনো রাজনীতি করছে না। আওয়ামী লীগও দিচ্ছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। এখন রাজনীতি হচ্ছে করোনার সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের নয়, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির নিজেদেরই দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বক্তৃতা-বিবৃতি দিয়ে সরকারের অন্ধ সমালোচনা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই।’

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এমন প্রতিকূল সময়ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ পঁয়ত্রিশ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। রেমিটেন্স প্রবাহের গতি অব্যাহত রয়েছে।’ তিনি এসময়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জনবল ছাঁটাই না করার আহ্বান জানান।



ঢাকা/পারভেজ/এনই

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়