রোহিঙ্গা সমস্যা ও শান্তিরক্ষা মিশনে সহায়তা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইকের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সহযোগিতা আরো জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৩ মে) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে দুই পক্ষ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা, এসডিজি বাস্তবায়ন এবং ব্যবসা-বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে জাতিসংঘের সহযোগিতা প্রশংসনীয়।”
বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে জাতিসংঘের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই অংশীদারত্ব আরো জোরালো হবে।
জবাবে আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক বলেন, “বাংলাদেশের উন্নয়ন ও জনকল্যাণে জাতিসংঘ সবসময় পাশে থাকবে।” তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, “এত বড় শরণার্থী জনগোষ্ঠীর দায় একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো সহায়তা প্রয়োজন।”
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এখন শীর্ষ সেনা ও পুলিশ প্রেরণকারী দেশগুলোর একটি। সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ পুলিশের সদস্যরা বিশ্বের বিভিন্ন মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে। তবে, এই সংকট এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় জাতিসংঘের নেতৃত্বে আরো আন্তর্জাতিক সহায়তা ও তহবিল দরকার।”
বৈঠকে উপস্থিত ছিলেন- জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের হেড অব অফিস লুইস বারবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/এএএম/মাসুদ