ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢামেকে ৪০ মরদেহ সংরক্ষণের ফ্রিজ বিকল, লাশ সংরক্ষণে সংকট

ঢামেক প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৯ জুন ২০২৬  
ঢামেকে ৪০ মরদেহ সংরক্ষণের ফ্রিজ বিকল, লাশ সংরক্ষণে সংকট

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ব্যবহৃত ৪০ মরদেহ সংরক্ষণ ক্ষমতার একটি ফ্রিজ হঠাৎ বিকল হয়ে পড়ায় লাশ সংরক্ষণ ও ময়নাতদন্ত কার্যক্রমে গুরুতর জটিলতা সৃষ্টি হয়েছে। এতে মর্গের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন:

এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ফ্রিজটি মেরামতের জন্য হাসপাতালের অধ্যক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছে ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগ।

সোমবার (৮ জুন) বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেছুর রহমান স্বাক্ষরিত একটি চিঠির অনুলিপি সাংবাদিকদের হাতে পৌঁছায়।

স্মারকে উল্লেখ করা হয়, গত ২ জুন থেকে মর্গে থাকা ৪০ মরদেহ সংরক্ষণ ক্ষমতার ফ্রিজটি হঠাৎ অকার্যকর হয়ে পড়ে। এর ফলে লাশ সংরক্ষণ এবং নিয়মিত ময়নাতদন্ত কার্যক্রম পরিচালনায় চরম অসুবিধা দেখা দিয়েছে। এতে বিভাগের দৈনন্দিন কার্যক্রমেও বড় ধরনের বিঘ্ন ঘটছে।

চিঠিতে বলা হয়, ফ্রিজটি দ্রুত মেরামত করা অত্যন্ত জরুরি। দীর্ঘ সময় অচল থাকলে লাশ সংরক্ষণে সংকট আরো বাড়বে এবং ময়নাতদন্ত কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিষয়টিকে জরুরি হিসেবে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। স্মারকের অনুলিপি উপাধ্যক্ষ, সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মর্গের একাধিক কর্মচারী জানান, ফ্রিজটি বিকল থাকায় বর্তমানে একসঙ্গে প্রায় ৪০টি মরদেহ সংরক্ষণের সক্ষমতা থাকলেও মাত্র সাতটি মরদেহ রাখা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়া এবং মরদেহ দ্রুত পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নতুন মরদেহ গ্রহণেও জটিলতা দেখা দিচ্ছে।

তারা আরো জানান, বাধ্য হয়ে মর্গের বারান্দা ও কক্ষের মেঝেতে মরদেহ রাখতে হচ্ছে, যা অত্যন্ত অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে। দুর্গন্ধের কারণে দায়িত্ব পালন করাও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি মর্গসংলগ্ন গলিপথ দিয়ে চলাচলকারীদেরও ভোগান্তি বাড়ছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মাদ মাজহারুল শাহীন বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুতই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে, মর্গ সূত্র জানিয়েছে, আজ সাতটি মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়