ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বস্ত্রের স‌চিব নাসের খান শিল্প মন্ত্রণালয়ের দা‌য়িত্বে

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ৯ জুন ২০২৬  
বস্ত্রের স‌চিব নাসের খান শিল্প মন্ত্রণালয়ের দা‌য়িত্বে

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থে‌কে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হ‌য়। 

আব্দুন নাসের খান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশ অনুযায়ী তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে ব‌লেও জানা‌নো হ‌য়ে‌ছে।

আব্দুন নাসের খান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে ২০২৬ সালের ১৬ এপ্রিল যোগদান করেন। সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা নাসের খান সিলেট ক্যাডেট কলেজে শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি অর্জন করেন।

না‌সের খান ১৯৯৫ সালের ১১ নভেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বরুরা, বেলকুচি ও ফেনী সদরে দায়িত্ব পালন করেন। তিনি জুরাছড়ি ও মাগুরা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মৌলভীবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এভাবে মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কাজ করে তিনি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সঞ্চয় করেন।

কেন্দ্রীয় প্রশাসনে কর্মরত থাকাকালে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 

নাসের খান ২০০৩-২০০৫ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন সেলের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রায় ১৬ মাস রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ও ভারপ্রাপ্ত একান্ত সচিব হিসেবে বঙ্গভবনে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব হিসেবে কাজ করেন এবং খাদ্য নিরাপত্তা ও ডিজিটাল সেবা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখেন।

নাসের খান ২০২৪ সালের ২৫ আগস্ট যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্বকালীন সময়ে তিনি বিমানের টিকিট সিন্ডিকেট বন্ধ ও শৃঙ্খলা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বশেষ তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে উন্নীত হন।

নাসের খান দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওকলাহোমায় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ইসলামাবাদস্থ সার্ক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ। এছাড়া তিনি ইন্দোনেশিয়া,যুক্তরাজ্য, কানাডা, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন ও শ্রীলঙ্কায় স্বল্পমেয়াদি প্রশিক্ষণ ও এক্সপোজার ভিজিটে অংশ নিয়েছেন।

ব্যক্তিগত জীবনে নাসের খান দুই মেয়ে ও এক ছেলের জনক। 

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়